ফারুক হত্যাকাণ্ড: ছাত্রশিবিরের দুই কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী ফারুক হোসেন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে ছাত্রশিবিরের দুজন কর্মীকে আটক করেছে।আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পূর্ব পাশের আমতলা থেকে তাঁদের আটক করা হয়। আটক হওয়া কর্মীরা হলেন বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্যব্যবস্থা বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী মাহমুদুল হাসান ও আবু জাফর হোসাইন।প্রত্যক্ষদর্শী ও মতিহার পুলিশ সূত্রে জানা গেছে, আজ বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের আমতলায় বসে ছাত্রলীগের সহসভাপতি ইলিয়াস হোসেন, রোজোয়ান আহমেদসহ ওই দলের কয়েকজন কর্মী গল্প করছিলেন। এ সময় ছাত্রশিবিরের ওই দুই কর্মী সেখান দিয়ে হেঁটে যাচ্ছিলেন।ছাত্রশিবিরের কর্মীরা ছাত্রলীগের নেতা-কর্মীদের দেখে সেখান থেকে পালানোর চেষ্টা করেন। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা ছাত্রশিবিরের কর্মী হিসেবে চিনতে পেরে তাঁদের ধরে ফেলেন। এর পর তাঁদের পুলিশে সোপর্দ করা হয়। পুলিশ শিবিরের কর্মীদের আটক করে মতিহার থানায় নিয়ে যায়।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছাত্রলীগের কর্মী ফারুক হোসেন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে ছাত্রশিবিরের ওই দুই কর্মীকে পুলিশে সোপর্দ করা হয়েছে।মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন বলেন, ছাত্রশিবিরের ওই দুই কর্মীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে তাঁদের বিরুদ্ধে ফারুক হোসেন হত্যাকাণ্ড বা অন্য কোনো অপরাধের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে।প্রসঙ্গত, গত বছরের ৮ ফেব্রুয়ারি রাতে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা হামলা চালিয়ে ছাত্রলীগের কর্মী ফারুক হোসেনকে হত্যা করেন।