ফারুক হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক বলেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মী ফারুক হত্যার সঙ্গে জড়িত ছাত্রশিবিরের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া ছাত্রলীগের নেতাকর্মীদের সশস্ত্র হামলা, হতাহত, তাদের বিভিন্ন কক্ষ ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে জড়িত ছাত্রশিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধেও দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আজ শনিবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য লাউঞ্জে মতবিনিময় সভা শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আজ বেলা বারটার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন। এরপর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে তিনি মতবিনিময় মিলিত হন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য লাউঞ্জে অনুষ্ঠিত এ মতবিনিময়সভায় গত ৮ ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহে ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মী ও ক্যাডারদের একযোগে হামলা, ছাত্রলীগ নিয়ন্ত্রিত বিভিন্ন কক্ষ ভাঙচুর, অগ্নিসংযোগসহ ছাত্রলীগের কর্মী ফারুক হোসেনের হত্যাকাণ্ড এবং পরবর্তী পরিস্থিতি সম্পর্কে আলোচনা হয়। আলোচনাকালে উপাচার্য ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন। এ সময় প্রতিমন্ত্রী এ বিষয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উপাচার্যকে অবহিত করেন। প্রায় দুই ঘন্টাব্যাপী চলা এ মতবিনিময় সভায় তিনি মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ সমুন্নত রেখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পরামর্শ দেন।সভায় সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক এম নূরুল্লাহ্, বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক এম শাহ্ নওয়াজ আলী, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র উপদেষ্টা, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, বিভিন্ন আবাসিক হলের প্রাধ্যক্ষসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।