ফারুককে কেন্দ্র করে উত্তাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালের আগের দিন মঙ্গলবার দুপুরের পর থেকেই গাড়ি পোড়ানোর কারণে রাজধানীতে হরতালের উত্তাপ টের পাওয়া যাচ্ছিল। তবে গতকাল বুধবার সেই উত্তাপ অনেক বেশি ছড়িয়েছে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের ওপর পুলিশের হামলার ঘটনায়।গতকাল হরতালের শুরুতেই সংসদ ভবন এলাকায় বিরোধীদলীয় চিফ হুইপের ওপর হামলার ঘটনা ঘটে। সারা দিন এ নিয়েই উত্তপ্ত ছিল রাজনৈতিক অঙ্গন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, চিফ হুইপের মাথায় ১১টি সেলাই দেওয়া হয়েছে। তিনি এ ঘটনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন।বিরোধীদলীয় চিফ হুইপের ঘটনা ছাড়া ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিনে তেমন কোনো উত্তেজনা ছিল না। ঢিলেঢালাভাবে পালিত হয়েছে প্রথম দিনের হরতাল। রাজপথে জোটের নেতা-কর্মীদের উপস্থিতি ছিল খুবই কম। পুলিশও নেতা-কর্মীদের দাঁড়াতে দেয়নি। কোথাও কোথাও নেতাদের বাড়ির সামনে অবস্থান নিয়ে তাঁদের ঘর থেকে বের হতে পর্যন্ত দেওয়া হয়নি। দিনভর সমমনা দলগুলোর কোনো কার্যকলাপও চোখে পড়েনি।বিএনপি দাবি করেছে, প্রথম দিনে সারা দেশে চার শতাধিক নেতা-কর্মীকে আটক করা হয়েছে। আর জামায়াতের দাবি, তাদের দেড় শ নেতা-কর্মীকে আটক করা হয়েছে।পুলিশের লাঠিপেটায় আহত জয়নুল আবদিন ফারুক: সংসদ ভবনের সামনে পুলিশের লাঠিপেটায় আহত হন বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। বিরোধীদলীয় সাংসদদের সঙ্গে ধস্তাধস্তিতে পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার হারুনুর রশিদও আহত হয়েছেন।গতকাল সকালে সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে এ ঘটনা ঘটে। বিরোধীদলীয় সাংসদেরা দাবি করেছেন, পুলিশ অতর্কিতে ফারুকের ওপর হামলা চালায়। তবে পুলিশ দাবি করেছে, ফারুক পুলিশ সদস্যদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ এবং পুলিশ সদস্যদের মারধর করেন।গতকাল ভোর ছয়টার দিকে জয়নুল আবদিন ফারুকের নেতৃত্বে বিরোধী দলের ১৫ থেকে ২০ জন সাংসদ মানিক মিয়া এভিনিউয়ের সামনে জড়ো হন। ভোরবেলা তাঁরা শান্তিপূর্ণভাবে হেঁটে সংসদ ভবন এলাকা থেকে ফার্মগেট এলাকায় পৌঁছান। পরে ফার্মগেট থেকে তাঁরা আবার মানিক মিয়া এভিনিউতে ফিরে যান। এ সময় হঠাৎ করে একটি বাস লক্ষ্য করে ঢিল ছোড়া হয়।পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইমাম হোসেন, সহকারী উপকমিশনার হারুনুর রশিদ ও মোহাম্মদপুর অঞ্চলের সহকারী কমিশনার বিপ্লব কুমার সরকার সাংসদদের সামনে গিয়ে তাঁদের থামানোর চেষ্টা করেন। এ সময় পুলিশের সঙ্গে বিরোধীদলীয় চিফ হুইপের এক দফা কথা-কাটাকাটি হয়। পুলিশের ডিসিকে উদ্দেশ করে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘তুই কে? তুই কী করবি?’ এ সময় পুলিশ জয়নুল আবদিনের দিকে তেড়ে যায় এবং ‘পাগল পাগল’ বলে চিৎকার করতে থাকে। আরও কয়েকজন পুলিশ তাঁর দিকে এগিয়ে গেলে ধস্তাধস্তি শুরু হয় এবং তিনি পড়ে যান। কয়েকজন পুলিশ সদস্য তাঁকে লাথি মারেন এবং তাঁকে ধরে টানাটানি করতে থাকেন। এ সময় ফারুকের গেঞ্জি খুলে যায়। একপর্যায়ে একজন পুলিশ সদস্যের লাঠির আঘাতে ফারুকের মাথা ফেটে যায় এবং রক্ত বের হতে থাকে। সকাল থেকেই চিফ হুইপের ডান হাতে ব্যান্ডেজ থাকলেও পরে ধস্তাধস্তির সময় সেটি খুলে যায়।বিরোধীদলীয় চিফ হুইপের মাথায় রক্ত দেখে মহিলা সাংসদেরা তাঁকে নিয়ে ন্যাম ভবনের দিকে এগিয়ে যেতে চান। এ সময় পুলিশ আবার এগিয়ে এলে ফারুক আত্মরক্ষায় ন্যাম ভবনের দিকে দৌড় দেন। এরপর পুলিশ তাঁর পিছু নিয়ে আবার সেখানে গিয়ে ফারুকসহ সাংসদদের ওপর হামলা চালায়। পুলিশ ফারুককে চ্যাংদোলা করে পুলিশের গাড়িতে তোলার চেষ্টা করে। এ সময় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।এরপর সাংসদেরা ফারুককে উদ্ধার করে মহিলা সাংসদ আসিফা আশরাফীর ন্যাম ভবনের বাসায় নিয়ে যান। সকাল পৌনে ১০টার দিকে অ্যাম্বুলেন্সে করে তাঁকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়।ঘটনা সম্পর্কে জয়নুল আবদিন উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘ওরা আমাকে বুট দিয়ে লাথি মেরে মাটিতে ফেলে দেয়। মাথা ও পায়ে প্রচণ্ড আঘাত পেয়েছি। সারা শরীরেই ব্যথা। কোন দেশে আমি আছি?’তবে সহকারী কমিশনার বিপ্লব কুমার সরকার প্রথম আলোকে বলেন, ফার্মগেট এলাকায় গিয়ে জয়নুল আবদিন ফারুক রাস্তার মাঝখানে বসে পড়ে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করেন। এ সময় পুলিশ তাঁদের সেখান থেকে সরিয়ে দিতে গেলে তাঁরা পুলিশকে অশ্রাব্য ভাষায় গালাগাল করেন।বিপ্লব কুমার সরকার জানান, সাংসদ ফারুক পুলিশ সদস্যদের জঘন্য ভাষায় গালাগাল করেন। তাঁদের গায়ে হাত তোলেন এবং পুলিশকে গালি দিয়ে বলতে থাকেন ‘পারলে মার।’ এ সময় পুলিশ তাঁকে সরিয়ে দিতে গেলে তিনি ধস্তাধস্তি শুরু করেন এবং হঠাৎ করে পড়ে যান।আহত পুলিশের এডিসি হারুনুর রশিদ জয়নুল আবদিনকে পেটানোর অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ধস্তাধস্তির সময় পড়ে গিয়ে তিনি আঘাত পেতে পারেন। পুলিশ তাঁর ওপর হামলা চালায়নি, বরং তিনিই পুলিশের ওপর হামলা চালিয়েছেন।’ফারুককে মারধরের প্রতিবাদে বিরোধীদলীয় সাংসদেরা সংসদ ভবনের ভেতরে মিছিল করেছেন।বিএনপির কেন্দ্রীয় কার্যালয়: হরতালের প্রথম দিনে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় ছিল সম্পূর্ণ অবরুদ্ধ। কার্যালয়ের ভেতরে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীকে দেখা গেছে। এ ছাড়া দলের আর কোনো নেতাকে দলীয় কার্যালয়ের ভেতর বা বাইরে দেখা যায়নি।আগের দিন অর্থাৎ মঙ্গলবার রাত থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিএনপির কার্যালয় অবরোধ করে রাখে। এর আগের হরতালগুলোতে নেতা-কর্মীরা কার্যালয়ের দিকে আসার চেষ্টা করলেও গতকালের হরতালে তেমন কোনো তৎপরতা দেখা যায়নি। দুপুর ১২টা পর্যন্ত পুলিশ ওই স্থান থেকে কোনো নেতা-কর্মীকে আটক করেনি। তবে পল্টন থানার একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, সাড়ে ১২টা থেকে দুইটা পর্যন্ত সময়ের মধ্যে আটজনকে আটক করা হয়েছে। তিনি এদের বিএনপির কর্মী বলে সাংবাদিকদের কাছে দাবি করেন।মহাখালী ও গুলশান: মহাখালী-গুলশান এলাকায় হরতালের সমর্থনে জোরালো কোনো কর্মসূচি দেখা যায়নি। বিচ্ছিন্নভাবে গুলশানে মহিলা দলের কিছু নেতা-কর্মী সংগঠিত হওয়ার চেষ্টা করেন, কিন্তু পুলিশের বাধায় মিছিল বা পিকেটিং করতে পারেননি। এই এলাকায় সারা দিনই কিছু বাস ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল করতে দেখা গেছে।গুলশান ১ নম্বরের ১২ নম্বর সড়কের একটি বাড়ির সামনে সকাল থেকে পুলিশ অবস্থান নেয়। পুলিশের দাবি, বিএনপির সাবেক সাংসদের বাড়িতে অন্তত ২০-২৫ জন মহিলা পিকেটার অবস্থান নিয়েছেন। রাত আটটার আগে মহিলা পিকেটারদের কেউ এই ভবন থেকে বের হলেই আটক করা হবে।বেলা ১১টার দিকে জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী নূরে আরা সাফাসহ ছয়জনকে মহাখালীর ওয়্যারলেস গেট থেকে পুলিশ আটক করে। তাঁরা রিকশায় করে গুলশান ১ নম্বর গোলচত্বর থেকে মহাখালীর দিকে যাচ্ছিলেন। ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার আশরাফুল আজিম দাবি করেন, এই ছয়জন গুলশান থেকে বিশৃঙ্খলা সৃষ্টি করে আসার পথে আটক হন।সকাল নয়টার দিকে মহাখালীর তিতুমীর কলেজে ছাত্রলীগ হরতালবিরোধী মিছিল বের করে।পুরান ঢাকা: হরতালের সমর্থনে মীরহাজীরবাগ এলাকায় পিকেটিং করার চেষ্টা করলে শ্যামপুর থানার পুলিশ জামায়াতে ইসলামীর দুই কর্মীকে আটক করে।হরতালের সমর্থনে সূত্রাপুর থানা যুবদল টিপু সুলতান রোডে মিছিল বের করে। অন্যদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগ এবং ৭৩ নম্বর ওয়ার্ড যুবলীগ হরতালের বিপক্ষে সদরঘাট এলাকায় মিছিল বের করে।পুরান ঢাকার বেশির ভাগ দোকানপাট বন্ধ ছিল। সদরঘাট থেকে গাবতলী ও সদরঘাট হয়ে মিরপুর রুটের অল্পসংখ্যক বাস চলাচল করেছে। এসব এলাকার স্কুল-কলেজ বন্ধ ছিল। ছাত্রলীগের কর্মীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সকাল থেকেই ক্যাম্পাসের প্রধান ফটকে পাহারা বসান। বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ: হরতালের সমর্থনে গতকাল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মিছিল ও সমাবেশ করেছেন সরকারবিরোধী আইনজীবীরা। এদিকে বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্টের একক অবকাশকালীন বেঞ্চ ১১টা থেকে কিছুক্ষণ এজলাসে বসে বিচারকাজ পরিচালনা করেছেন। এর আগে সকাল ১০টার দিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে সরকারবিরোধী আইনজীবীরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে জড়ো হন। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য পর্ব শেষে আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেনের নেতৃত্বে অর্ধশতাধিক আইনজীবী মিছিল নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে সমবেত হন।বেলা ১১টার দিকে আইনজীবীরা সুপ্রিম কোর্টের প্রধান ফটক থেকে রাস্তায় বের হতে চাইলে পুলিশের বাধার মুখে পড়েন। একপর্যায়ে তাঁরা মূল ফটকের প্রবেশমুখেই বসে অবস্থান নেন।ছাত্রদল: হরতালের সমর্থনে রাজধানীর গ্রিন রোডে গতকাল মিছিল করেছে ছাত্রদল। সকাল ১০টার দিকে ছাত্রদলের ভারপ্রাপ্ত সহসভাপতি শহীদুল ইসলামের নেতৃত্বে মিছিলটি বের হয় এবং পান্থপথ ঘুরে আসে। পরে গ্রিন রোডেই সমাবেশ করে ছাত্রদল।জামায়াতের তৎপরতা: সকাল নয়টার দিকে জামায়াত ও ছাত্রশিবিরের একটি মিছিল কমলাপুর রেলওয়ে স্টেশনের উল্টো পাশ থেকে শুরু হয়। মিছিলটি টিটিপাড়ার দিকে যাওয়ার সময় পুলিশ দেখে ছত্রভঙ্গ হয়ে যায়।দলের সংসদ সদস্য ও ঢাকা মহানগর কমিটির সেক্রেটারি হামিদুর রহমান আযাদ মিছিলের নেতৃত্বে দেন। পুলিশ আসার আগে তড়িঘড়ি বক্তব্য দিয়ে তিনি চলে যান। সকাল সাড়ে ছয়টায় হরতালে সমর্থনে মিরপুর ১০ নম্বর গোলচত্বরের কাছ থেকে ঘুপচি মিছিল বের করে স্থানীয় জামায়াত। মিছিলটি কাজীপাড়ার দিকে কিছুদূর গেলে রাস্তার দুই পাশ ঘিরে পুলিশ লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। সেখান থেকে পুলিশ ১২ জনকে গ্রেপ্তার করে। এতে ২০ জন নেতা-কর্মী আহত হয়েছেন বলে জামায়াত দাবি করেছে।এ ছাড়া পুরান ঢাকার চানখাঁরপুল ও উত্তর বাড্ডা থেকে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশের লাঠিপেটায় তা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় পুলিশ চানখাঁরপুল থেকে নয়জন ও উত্তর বাড্ডা থেকে চারজনকে গ্রেপ্তার করে।সকালে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়ক থেকে মিছিল বের করার চেষ্টা ব্যর্থ হয়। পরে পুলিশ মীরহাজীরবাগ এলাকায় ছাত্রশিবিরের একটি মেসে তল্লাশি করে ছাত্রশিবিরের চারজনকে গ্রেপ্তার করে।বিকেলে এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বলেন, গতকাল ঢাকা মহানগরে ৩৯ জন, কুড়িগ্রামে ২৮ জনসহ সারা দেশে বিভিন্ন স্থান থেকে পুলিশ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের ১৫০ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় পুলিশের হামলায় ৫০ জন আহত হয়।খালেদা জিয়ার নিন্দা: জয়নুল আবদিন ফারুককে পুলিশের লাঠিপেটার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, হত্যার অশুভ অভিপ্রায় ফারুকের ওপর আক্রমণ চালানো হয়েছে। তিনি আক্রমণকারী পুলিশ কর্মকর্তা ও সদস্যদের বিচার ও শাস্তির দাবি জানিয়েছেন।চার বাসে আগুন: গতকাল সন্ধ্যার পর রাজধানীতে চারটি বাসে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, রাত আটটার দিকে আজিমপুরে ইডেন কলেজের সামনে একটি বাসে, এরপর খিলক্ষেতে একটিতে, গুলিস্তানে একটিতে এবং সাভারের উলাইলে একটি মিনিবাসে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা বাসগুলোর আগুন নেভানোর আগেই বাসগুলোর বেশির ভাগ অংশ পুড়ে যায়।