পঞ্চগড়ে পাঁচজন গ্রেপ্তার, দিনাজপুরে ছয় সন্ত্রাসী আটক
ফারুককে হত্যা করিয়েছেন টেন্ডার চক্রের নেতারা
পঞ্চগড়ে দরপত্র দাখিল নিয়ে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের সংঘর্ষে ছাত্রলীগের নেতা ফারুক হোসেন নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। ফারুকের বড় ভাই মো. ফজলুল হক গতকাল শুক্রবার ১৬ জনের বিরুদ্ধে সদর থানায় মামলাটি করেন। এর মধ্যে পুলিশ পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে। সংঘর্ষে ব্যবহূত রক্তমাখা একটি চাপাতি উদ্ধার করেছে পুলিশ। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাদের ভাষ্যমতে, ফারুককে হত্যা করিয়েছেন টেন্ডার চক্রের সঙ্গে জড়িত দলীয় নেতারা।এদিকে দিনাজপুরে গত বৃহস্পতিবার গণপূর্ত বিভাগের ১৪ কোটি টাকার কাজের দরপত্র জমা দেওয়ার সময় সাধারণ ঠিকাদারদের ওপর হামলা ও দরপত্র ছিনতাইয়ের ঘটনায় ছয় সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে জেলা যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক ফয়সল ইবনে আজিজ এবং ত্রাণবিষয়ক সহসম্পাদক মো. মাহমুদুর রহমানকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। জেলা যুবলীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন জানিয়েছেন, গতকাল সন্ধ্যায় সংগঠনের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।পঞ্চগড়ে গ্রেপ্তার পাঁচ: পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমির উদ্দীন জানান, ফারুক হত্যার ঘটনায় গত বৃহস্পতিবার গভীর রাতে পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়। তাঁরা হলেন যুবলীগের কর্মী লিটন (২৪), মিজানুর রহমান (২৮) ও মহসিন (৩২) এবং শ্রমিক লীগের কর্মী আনিসুর রহমান (২০) ও মোস্তাফিজুর (২৪)। ধারণা করা হচ্ছে, এঁদের মধ্যে লিটনই মূল ঘাতক। তিনি সংঘর্ষে আহত হন। পুলিশি হেফাজতে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। গ্রেপ্তার পাঁচজনকে গতকাল জেলা মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়।ওসি আরও জানান, ফারুক হত্যা মামলার আসামিদের মধ্যে রয়েছেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবু তোয়াবুর রহমান, দপ্তর সম্পাদক জুলফিকার আলী ও জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম। অন্য আসামিরা হলেন লিটন, আমিনুর ইসলাম, মিজানুর রহমান, মোস্তাফিজুর রহমান, আনিসুর রহমান, গুড় বাবু, রিংকু, স্বাধীন, লাবু, নবীন, তরী, হজরত ও মহসীন। এঁরা সবাই ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিক লীগের নেতা-কর্মী বলে জানা গেছে।জেলা প্রশাসক বনমালী ভৌমিক জানান, উদ্ভূত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পঞ্চগড় সিরাজুল ইসলাম স্টেডিয়ামে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা গতকাল বন্ধ করে দেওয়া হয়েছে।ফারুকের পরিবারে এখনো মাতম: ছাত্রলীগের নিহত নেতা ফারুক হোসেনের বাড়িতে এখনো কান্নার রোল থামেনি। তাঁর মা ফিরোজা বেগম (৫০) এখনো নির্বাক! শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন। বাবা আলী আকবরসহ স্বজনদের বুকফাটা কান্নায় পরিবারে মাতম চলছে।আলী আকবর বলেন, ‘জানি, আমার ছেলে আর ফিরে আসবে না। কিন্তু আমি আমার ছেলে হত্যাকারীদের বিচার চাই, যাতে আমার মতো আর কোনো বাবা ছেলেহারা না হন।’ফারুক হত্যার নেপথ্যে টেন্ডার চক্র: একাধিক সূত্রে জানা গেছে, ছাত্রলীগের নেতা ফারুক হত্যার নেপথ্যে রয়েছে টেন্ডার চক্র। মহাজোট ক্ষমতায় আসার পর জেলার ছোট-বড় সব ধরনের টেন্ডার নিয়ন্ত্রণ করছে ক্ষমতাসীন দলের একটি চক্র। প্রথম সারির গুটিকয়েক টেন্ডারবাজ নেতার ওপর রয়েছে প্রভাবশালী নেতাদের আশীর্বাদ। ওই টেন্ডারবাজরা ছাত্রলীগ-যুবলীগের কিছু নেতা-কর্মীকে অর্থের বিনিময়ে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্বাস আলী বলেন, টেন্ডার সিন্ডিকেটের কারণে ফারুককে জীবন দিতে হলো। কতিপয় নেতার অপকর্মের কারণে এলাকায় সরকার ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। যারা এমন অপকর্মের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে দলীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার সাদাত বলেন, বিগত আওয়ামী আমলে টেন্ডারবাজির এমন ঘটনা ঘটেনি। কিন্তু এবার শুরু থেকেই জেলার কতিপয় নেতা টেন্ডারবাজিসহ নানা অপকর্মে জড়িয়ে পড়েন। দলের অধিকাংশ ত্যাগী নেতা এলাকায় টেন্ডারবাজি নিয়ে ক্ষুব্ধ।জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বলেন, জেলা আওয়ামী লীগের আগামী সভায় তিনি টেন্ডারবাজির বিষয়টি উত্থাপন করবেন।পঞ্চগড়-১ (সদর-আটোয়ারী-তেঁতুলিয়া) আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মজাহারুল হক প্রধান বলেন, প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। দলীয়ভাবেও ব্যবস্থা নেওয়া হবে। দলীয় নেতা-কর্মীরা নিয়ন্ত্রণের বাইরে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দলে নানা মত ও পথের মানুষ আছে। সবাইকে তো আর সেভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।যুবলীগের সাধারণ সম্পাদক মির্জা আজম গতকাল প্রথম আলোকে বলেন, পঞ্চগড়ে টেন্ডারবাজির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীদের চিহ্নিত করে সংগঠন থেকে বহিষ্কারের প্রক্রিয়া চলছে।দিনাজপুরে ছয় সন্ত্রাসী আটক: এদিকে দিনাজপুরে গণপূর্ত বিভাগের ১৪ কোটি টাকার কাজের দরপত্র জমা দেওয়ার সময় সাধারণ ঠিকাদারদের ওপর হামলা ও দরপত্র ছিনতাইয়ের ঘটনায় গতকাল রাত ১০টার দিকে ছয় সন্ত্রাসীকে আটক করা হয়। তাঁরা হলেন শহরের ঘাসিপাড়ার রিপন (৩১), মুরাদ (৩০), আলাল (৩২), আজমল (৩৬) ও সাজু (২৮) এবং শহরের সরদারপাড়ার সুমন (৩২)।দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাসান ইকবাল জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গতকাল বিভিন্ন পত্রিকায় প্রকাশিত ছবির ভিত্তিতে চিহ্নিত করে তাঁদের আটক করা হয়েছে।রিপন, আলাল ও আজমল চাপাতি হাতে ঠিকাদারদের তাড়া করছেন—এমন ছবি গতকাল প্রথম আলোর প্রথম পাতায় ছাপা হয়।এদিকে ঠিকাদারদের ওপর হামলা ও দরপত্র ছিনতাইয়ের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান। গত বৃহস্পতিবার রাতে দিনাজপুর শহরের ঘাসিপাড়া এলাকায় নিজের বাসায় জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।ওই বৈঠকে উপস্থিত ছিলেন এমন এক নেতা নাম প্রকাশ না করার শর্তে গতকাল প্রথম আলোকে বলেন, বৈঠকে প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব মির্জা আশফাক ঘটনার জন্য জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আলাউদ্দিন ও বজলুল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরিফুল আহসান, প্রচার সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী প্রমুখকে দায়ী করেন।অপরদিকে দলের নেতারা ঘটনার জন্য মির্জা আশফাককেই দায়ী করে মন্ত্রীকে জানান, মির্জা আশফাক মন্ত্রীর নাম ভাঙিয়ে জেলায় যেসব কাজ করছেন, তাতে সরকার ও দলের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হচ্ছে।সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সঞ্জিত কুমার রায় গতকাল জানান, সংঘর্ষের ঘটনায় কোনো পক্ষই মামলা করেনি। তবে গতকাল বিভিন্ন জাতীয় দৈনিকে ছাপা ছবি দেখে পুলিশ সন্ত্রাসীদের আটক করে মামলার প্রস্তুতি নিচ্ছে।