ফারুককে হাইকোর্টে হাজির করতে ডিএমপি কমিশনারকে নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুককে কাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় হাইকোর্টে হাজির করতে ডিএমপি কমিশনারকে নির্দেশ দিয়েছেন আদালত।আজ সোমবার বিকেলে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।পুলিশের মামলায় আজ দুপুরে জয়নুল আবদিন ফারুকের পক্ষে হাইকোর্টে আগাম জামিনের আবেদন করা হলে আদালত বিকেল সাড়ে তিনটায় শুনানির সময় নির্ধারণ করেন। শুনানিতে অংশ নিয়ে জয়নুল আবদিনের আইনজীবী মওদুদ আহমদ আদালতকে জানান, তাঁকে ইউনাইটেড হাসপাতাল থেকে আসতে দেওয়া হচ্ছে না। পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে। এ সময় আদালত বিষয়টি সম্পর্কে রাষ্ট্রপক্ষের আইনজীবীর বক্তব্য জানতে চান। ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ উল্লাহ কিসলু বলেন, এ ব্যাপারে তাঁর কাছে কোনো তথ্য নেই। এ পর্যায়ে আদালত ফারুককে হাইকোর্টে হাজির করতে ডিএমপি কমিশনারকে নির্দেশ দেন।আদালত থেকে বেরিয়ে এ নির্দেশের কথা জানিয়ে মওদুদ আহমদ সাংবাদিকদের বলেন, কাল সকাল সাড়ে ১০টায় জয়নুল আবদিনকে হাজির করতে হবে। ওই সময় জামিন আবেদনের ওপর শুনানি হবে।উল্লেখ্য, ৬ জুলাই বিএনপি-জামায়াতের ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিনে মানিক মিয়া এভিনিউ এলাকায় পুলিশের লঠিপেটায় জয়নুল আবদিন আহত হন। পরে এ ঘটনায় জয়নুল আবদিনসহ ১০-১২ জনের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে শেরেবাংলা থানায় মামলা করে পুলিশ।