ফার্ক বিদ্রোহীদের সঙ্গে আলোচনায় সম্মত কলম্বিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলম্বিয়া সরকার দেশটিতে চলমান গৃহযুদ্ধের অবসান ঘটাতে আলোচনায় বসতে যাচ্ছে সবচেয়ে বড় বিদ্রোহী দল ফার্কের সঙ্গে। দেশটির প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস আজ মঙ্গলবার এ কথা নিশ্চিত করেছেন।রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তৃতায় সান্তোস বলেন, তিনি শান্তি প্রতিষ্ঠায় নিজ দায়িত্ব পালন করছেন। দেশটির দ্বিতীয় বৃহত্তম বিদ্রোহী সংগঠন ইএলএন-ও শান্তি আলোচনায় প্রস্তুত বলে জানান তিনি। বিবিসির খবরে বলা হয়, কলম্বিয়া সরকার ও ফার্ক বিদ্রোহীদের সঙ্গে আলোচনার জন্য কিউবায় একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির বিষয়ে বিস্তারিত কিছু জানাননি প্রেসিডেন্ট সান্তোস। স্থানীয় গণমাধ্যম তেলেসুর জানায়, কিউবার রাজধানী হাভানায় সরকার ও বিদ্রোহীদের মধ্যে সমঝোতাকারীরা গতকাল সোমবার একটি চুক্তি করে। এর পরিপ্রেক্ষিতে আগামী ৫ অক্টোবর নরওয়ের রাজধানী অসলোতে প্রথম দফা শান্তি আলোচনা শুরু হবে। এরপর সমঝোতাকারীরা হাভানায় আলোচনায় বসবেন।প্রসঙ্গত, কলম্বিয়ার সরকারের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ করার লক্ষ্যে ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় রেভল্যুশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া (ফার্ক)। ২০১০ সালের হিসাব অনুযায়ী, মার্ক্সবাদী-লেনিনবাদী মতাদর্শের এ বিদ্রোহী দলটির রয়েছে ১৮ হাজার সদস্য, যাদের অর্ধেকই সশস্ত্র গেরিলা।