ফাল্গুনী রঙে রঙিন হলো মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যা হতে পারত, তা সব সময় হয় না। এ জন্য আক্ষেপ থাকে মানবজীবনে। কিন্তু গতকাল অন্তত তেমন আক্ষেপের কোনো রেশ ছিল না অমর একুশে গ্রন্থমেলায়। যেমন ভাবা হয়েছিল, মেলা হয়ে উঠেছিল তেমনি ফাগুনের রঙে রঙিন। জনসমাগম ছিল প্রচুর। নতুন প্রাণের উচ্ছ্বাস-উদ্দীপনায় স্পন্দিত পরিবেশ। বিক্রিও হয়েছে ভালো। বসন্তের প্রথম দিনটি প্রত্যাশামতোই কেটেছে সবার।রোববার বিকেলে রাজধানীর শাহবাগ মোড় থেকে শহীদ মিনার পর্যন্ত পুরো এলাকা ছিল বর্ণাঢ্য, উৎসবমুখর। বাসন্তী রঙের শাড়ি পরা বালিকা-কিশোরী-তরুণীরা শাহবাগ মোড়ের ফুলের দোকান থেকে গাঁদার মালা কবরীতে জড়িয়ে নিয়েছিল। কেউ বা মুকুটের মতো করে মাথায় বা বাহুতে জড়িয়ে সঙ্গীদের নিয়ে পায়ে পায়ে এগিয়েছে মেলার দিকে। পুরুষদের পোশাকেও ছিল অনুরূপ রঙের ছোঁয়া। বই কেনার চেয়ে মেলার মাঠে খানিক ঘোরাফেরা করে কোথাও বসে গল্প করে সময় কাটাতেই মন ছিল বেশি। টিএসসি থেকে একেবারে দোয়েল চত্বর অবধি পথের মাঝের বিভক্তিটি পরিণত হয়েছিল গণ-আসনে। সেখানে জোড়ায় জোড়ায় বসে মনের কথায় মগ্ন্ন থেকেছেন নানা বয়সী জুটিরা। আজকাল প্রায় সব মুঠোফোনেই থাকে ক্যামেরা। সুতরাং আলোকচিত্রী হয়ে উঠতে বাধা নেই কোনো। মধুর বসন্তের মধুর মিলনের ক্ষণটি ধরে রাখতে তৎপর দেখা গেল অনেককেই। পরিবেশটাই ছিল এমন যে দেখে মনে হচ্ছিল, প্রকৃতই ‘আনন্দধারা বহিছে ভুবনে,..’।বাঙালির ঘরে ফেরামেলা প্রাঙ্গণে কথা হলো লালন গবেষক অধ্যাপক আবুল আহসান চৌধুরীর সঙ্গে। তিনি বললেন, ‘বাসন্তী বইমেলা। নাগরিক জীবনে বসন্ত উৎসব রবীন্দ্রনাথেরই অবদান। তিনিই প্রথম শান্তিনিকেতনে বসন্ত উৎসবের আয়োজন করেছিলেন। কবি নজরুলকে উৎসর্গ করে বসন্ত নামে একটি নাটিকাও লিখেছিলেন। রবীন্দ্রনাথ বলেছিলেন, মানুষ অন্যদিন নিঃসঙ্গ, একাকী। উৎসবের দিনে সবার সঙ্গে মিলে একটি সামাজিক গোষ্ঠী। আজ মেলার দিকে তাকালেও কিন্তু তাঁর কথাটির তাৎপর্য উপলব্ধি করা যায়।’লালন গবেষক এ অধ্যাপকের মতে, ‘আমাদের লোকজীবনের এই উৎসবগুলো, যা আমাদের গ্রামীণ সংস্কৃতির উপকরণ এগুলোই আমাদের মূলধারার সংস্কৃতি। এসব আমাদের নাগরিক জীবনেও ফিরে আসছে। একে আমার মনে হয় বাঙালির ঘরে ফেরার মতো। এতে আশাবাদী হই, পাশ্চাত্য সংস্কৃতির আগ্রাসী প্রভাবকে এই বাঙালি অবশ্যই প্রতিহত করবে।’মোড়ক উন্মোচন ও নতুন বইনজরুল মঞ্চে কেবল লেখক-প্রকাশকদেরই ভিড় ছিল না, কবির আবক্ষ প্রতিকৃতির গলা জড়িয়ে বা পাশে দাঁড়িয়ে ছবি তুলতে ব্যাকুলদের সংখ্যাও ছিল অনেক। প্রায় এক কুড়ি গ্রন্থের মোড়ক উন্মোচন হয়েছে এদিন। এর মধ্যে ভাষাসৈনিক আবদুল মতিন মোড়ক উন্মোচন করেন চয়ন প্রকাশ থেকে প্রকাশিত দিলরুবা খানমের কাব্য একুশের ২১ । নতুন বই ও নতুন সংস্করণ এসেছে ৮৪টি। উল্লেখযোগ্য কয়েকটি বই হলো—বাংলা একাডেমী থেকে মনজুরে মওলার গবেষণা অল্প একটু রবীন্দ্রনাথ। রোদেলা থেকে আবদুশ শাকুরের শ্রেষ্ঠ প্রবন্ধ, আবুল আহসান চৌধুরীর প্রবন্ধ লালন সাঁই ও উত্তরসূরি। আগামী থেকে হাসনাত আবদুল হাইয়ের একত্রে দুটি উপন্যাস জোনাথান ও নিওগথিক, মোহাম্মদ আমীনের ভাষা বিষয়ক বাংলা বানানে ভুল কারণ ও প্রতিকার। অনিন্দ্য থেকে বেবী মওদুদ সম্পাদিত প্রবন্ধ দেশরত্ন শেখ হাসিনা। শিরীন পাবলিশার্স থেকে মনজুরুল হক মিলনের ময়মনসিংহ গীতিকা অবলম্বনে কাব্যনাটক মহুয়া সুন্দরী। সময় থেকে আবদুল্লাহ আবু সায়ীদের আত্মস্মৃতি বহে জলবতী ধারা (২য় খণ্ড), হায়াৎ সাইফের প্রবন্ধ কবিতা ও অন্যান্য, শাহাবুদ্দীন নাগরী সম্পাদিত আবদুল মান্নান সৈয়দের নির্বাচিত প্রবন্ধ, মনজু শামস অনূদিত আন্তন চেখভের উপন্যাস ওয়ার্ড নম্বর ৬। পালক থেকে হানুফা ইমদাদের হজবিষয়ক তথ্য ও বিস্তারিত বিবরণ হজ্বের কথা। জাগৃতি থেকে আসমার ওসমানের গল্প ব্ল্যাক ম্যাজিক ও রুমানা বৈশাখীর গল্প অপদেবতা, পূর্বাপর থেকে হাসনাইন সাজ্জাদীর কবিতা ভালবাসার বড় কিছু ইত্যাদি।মরার কোকিলে‘আমার ঘুম ভাঙাইয়া গেল রে মরার কোকিলে/ উদাসী বানাইয়া গেল বসন্তেরই কালে রে মরার কোকিলে...’ দরাজ গলায় মেলার মঞ্চে গাইছিলেন দেলোয়ার হোসেন বয়াতী গতকাল সন্ধ্যায়। এমন গানের সুর ছড়িয়ে পড়লে শ্রোতার কি আর অভাব হয় কখনো? মঞ্চের সামনে তাই বিশাল জনসমাগম। পহেলা ফাল্গুনে কাল মেলা মঞ্চে ছিল লোকস ংগীতের আসর। দেশের বিভিন্ন এলাকা থেকে আসা লোকশিল্পীরা গানে গানে মাতিয়ে তুলেছিলেন শ্রোতাদের। ভাবসংগীত, বিচ্ছেদী, দেহতত্ত্ব এসব তো ছিলই, বসন্ত দিন বলে শিল্পীরাও প্রাধান্য দিয়েছিলেন প্রেমের গানে। আলম দেওয়ান শোনালেন ‘এমন সুখ বসন্তের কালে রে প্রাণের বন্ধু’, আরজ আলী বয়াতি গাইলেন, ‘তারে দেখে মনে হয় কত যে প্রণয়/ মরু সাহারায় ফুল ফুটিল’, সুধীর মণ্ডল পরিবেশন করলেন, ‘তুমি জাননা রে প্রিয় তুমি মোর জীবনের সাধনা...’। আরও গান শুনিয়েছেন কাঙ্গালিনী সুফিয়া, দিল আফরোজ, সাইদুর রহমান বয়াতি, আনোয়ার হোসেন, মমতা দাসী বাউল, টুকু বাউল, বিমল বাউলসহ অনেকে। প্রাণ উদাস করা গানের সুর, দোতরার সংগত ঢোলের বোলে জম্পেশ সন্ধ্যা। উৎসব জমতে আর কি কিছু লাগে?