ফাস্ট বোলিং নিয়ে ইয়ান বিশপের সঙ্গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় বাংলাদেশের ৫৮ দেখেছেন, দেখলেন চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের ৬১-ও। ইয়ান বিশপ হেসে বললেন, ‘৫৮ মনে করতে গেলে এখন ৬১-ও মনে হবে।’ ৫৮ ও ৬১ নিয়ে এই কথাবার্তা আনুষ্ঠানিক সাক্ষাৎকার শুরুর আগে। টেপ রেকর্ডার তখনো অন করা হয়নি। ২০০৯ সালে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরের সময় ইয়ান বিশপের দীর্ঘ একটা সাক্ষাৎকার নিয়েছিলাম। ঢাকায় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের তৃতীয় দিন বিকেলে ইন্টারভিউ চাইতে গিয়ে দেখলাম, বিশপ সেটি মনে রেখেছেন। শুরুর আগেই তাই বলে নিতে হলো, ‘সেই সাক্ষাৎকারটি ছিল আপনার ক্যারিয়ার ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট নিয়ে। এবারের বিষয় শুধুই ফাস্ট বোলিং।’ফাস্ট বোলার ইয়ান বিশপ সম্পর্কেও কি একটু বলে নেব! বিশপের ক্যারিয়ার নিয়ে যেকোনো আলোচনাতেই ‘কী করেছেন’-এর চেয়ে বড় হয়ে ওঠে ‘কী করতে পারতেন!’ ওয়েস্ট ইন্ডিয়ান ফাস্ট বোলারদের মিছিলে আরেকজন গ্রেটের নিশ্চিত সংযোজন বলেই মনে হয়েছিল তাঁর আবির্ভাবকে। বিশ্বের দ্রুততম বোলারের তকমাটা গায়ে লাগিয়েই শুরু। কিন্তু পিঠের চোট আর পূর্ণতা পেতে দেয়নি তাঁর অমিত সম্ভাবনাকে। ৪৩ টেস্টে ২৪.২৭ গড়ে ১৬১ উইকেট তাই প্রাপ্তির আনন্দের চেয়ে অপ্রাপ্তির হাহাকারই বেশি জাগায়। ওই ৫৮ ও ৬১ বিষয়ক কথাবার্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে। বসার জন্য যুৎসই জায়গা খুঁজছিলাম। তাড়াতাড়ি বসাটা খুব জরুরি ছিল। কারণ বিশপের সঙ্গে দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বললেই ঘাড় ব্যথা হয়ে যায়! ৬ ফুট ৫ ইঞ্চি লম্বা, সারাক্ষণ যে ঘাড় উঁচিয়েই থাকতে হয়। এই উচ্চতার কারণেই শুরুতে ‘বিগ বার্ড’ জোয়েল গার্নারের সঙ্গে তুলনা হতো। কথাবার্তায় অবশ্য মাটির মানুষ। চোখের দিকে তাকিয়ে পর্যন্ত কথা বলেন না। ‘জেন্টল জায়ান্ট’ বলতে যা বোঝায়, ঠিক তা-ই। খেলোয়াড়ি জীবনেও তা-ই ছিলেন। বলে আগুন ঝরাতেন, তাঁর বাউন্সারে রক্তাক্ত হয়ে মাঠও ছেড়েছেন অনেক ব্যাটসম্যান। কিন্তু ব্যাটসম্যানকে আঘাত করে কখনোই ‘এখন কেমন লাগছে বাছা’ ভঙ্গি করেননি, উল্টো যেন একটু বিব্রতই মনে হতো তাঁকে। ‘ব্যাটসম্যানকে ভয় পাইয়ে দেওয়া ফাস্ট বোলিংয়ে খুব গুরুত্বপূর্ণ। দ্রুত গতির দু-একটা শর্ট বলে ব্যাটসম্যানকে নড়বড়ে করে দিলে পরের কাজটা খুব সহজ হয়ে যায়। তবে ব্যাটসম্যানকে মারাটা আমি কখনোই উপভোগ করিনি। ব্যথায় কাতর ব্যাটসম্যানের চেয়ে বাতাসে উড়ন্ত স্টাম্পই বেশি পছন্দ ছিল আমার’—নিজের বোলিং দর্শনের কথাও জানিয়ে দিলেন বিশপ।এটা আসলে সব ওয়েস্ট ইন্ডিয়ান ফাস্ট বোলারেরই দর্শন। ফাস্ট বোলাররা নিজেদের আক্রমণাত্মক প্রমাণ করতে যখন ব্যাটসম্যানকে গালাগালি করেন, সুনীল গাভাস্কার মনে করিয়ে দেন, ওয়েস্ট ইন্ডিজের ওই বিখ্যাত ফাস্ট বোলাররা কখনোই মুখে কথা বলতেন না। বিশপও সেই আদর্শেই বড় হয়েছেন, ‘ওয়েস্ট ইন্ডিয়ান ফাস্ট বোলাররা কখনোই স্লেজিংয়ে বিশ্বাস করে না। মার্শাল-হোল্ডিংরা বড়জোর শীতল একটা চাউনি দিতেন। ফাস্ট বোলারদের স্লেজিং ব্যাপারটা আসলে অস্ট্রেলিয়ানদের সংস্কৃতি। অস্ট্রেলিয়া যখন সাফল্য পাচ্ছে, তখন ওদের সব কিছুই ভালো ভেবে অন্যরাও সেটি অনুকরণ করেছে।’গতির একটা আলাদা মাদকতা আছে। বিশেষ করে ফাস্ট বোলারের তোলা গতির ঝড়ে ব্যাটসম্যানের চোখে যখন পরিষ্কার ভয়ের চিহ্ন ফুটে ওঠে, সেই অনুভূতির কোনো তুলনা খুঁজে পান না বিশপ। ‘দুটি ব্যাপার ফাস্ট বোলারকে আরও তাতিয়ে তোলে। এক. উইকেট পেলে। ইমরান খান বলেছিলেন না, উইকেট পেলে ওয়াকার ইউনিসের আরও দুই গজ গতি বেড়ে যায়। সব ফাস্ট বোলারেরই তা-ই। আর দুই নম্বর হলো, ব্যাটসম্যানকে ভয় পেতে দেখলে। ব্যাটসম্যানের শরীরী ভাষা, তাঁর ব্যাট নামানোর ভঙ্গি, ফলো থ্রু—এসব দেখে এটি বোঝা যায়। ফাস্ট বোলারের তখন অদ্ভুত একটা অনুভূতি হয়, ‘আই অ্যাম দ্য বস। আজ আমার দিন।’ সত্যিকার একজন ফাস্ট বোলার দৌড়ে এসে গতির ঝড় তুলছেন, ব্যাটসম্যান তাঁর বাউন্সারের জবাব দিচ্ছেন হুক শটে—টেস্ট ক্রিকেটে এর চেয়ে রোমাঞ্চকর দৃশ্য আর হয় না। অথচ সেই দৃশ্যই এখন হারিয়ে যেতে বসেছে। ফাস্ট বোলার পরিণত হয়েছে প্রায় ডুমুরের ফুলে। অনেকে টি-টোয়েন্টির আবির্ভাবকে এর কারণ হিসেবে দেখেন। বিশপ এই দলে নেই, ‘লাসিথ মালিঙ্গা তো টি-টোয়েন্টিতেও একই রকম ঝড় তুলছে। শন টেইটও তো শুধু টি-টোয়েন্টি খেলবে বলে টেস্ট ক্রিকেট ছেড়ে দিল। টি-টোয়েন্টির চেয়ে আমার বরং বিশ্বজুড়ে উইকেট বেশি ব্যাটিংবান্ধব হয়ে যাওয়াটাকে ফাস্ট বোলারের আকালের কারণ বলে মনে হয়।’কমেন্ট্রি করতে আজ এ দেশ, কাল ও দেশ করে দিন কাটে। কেমন লাগে এই জীবন? ‘ভালোই তো! যে খেলাটাকে এত ভালোবাসি, সেটির সঙ্গে থাকতে পারছি।’ পছন্দের খেলা হিসেবে ইদানিং অবশ্য গলফ প্রায় ধরে ফেলেছে ক্রিকেটকে! বাংলাদেশে এসে কী দেখলেন—এই প্রশ্নের উত্তরে তাই গলফ-ই এলো। ‘সেভাবে কিছু দেখা হয়নি। তবে ফাঁকা দিনগুলোতে গলফ খেলেছি। গলফ কোর্সের সময়টা বড় ভালো লাগে। খুব রিল্যাক্সিং।’