বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, রামু, উখিয়া, টেকনাফ ও পটিয়ায় বৌদ্ধসম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় সরকারের পক্ষ থেকে কোনো বিশ্বাসযোগ্য তদন্তের নিশ্চয়তা না পাওয়ায় বন্ধুদেশগুলো বিব্রত। এতে বিশ্ববাসীর কাছে বাংলাদেশের ভাবমূর্তি ভূলুণ্ঠিত হচ্ছে। আজ শনিবার এক বিবৃতিতে খালেদা জিয়া এ কথা বলেন।খালেদা জিয়া বলেন, এ ঘটনা কেন ঘটল, কারা এর পেছনে ইন্ধন জুগিয়েছে, তার কোনো বিশ্বাসযোগ্য তদন্ত এবং প্রকৃত দোষী ব্যক্তিদের গ্রেপ্তার ও আইন মোতাবেক শাস্তির কোনো উদ্যোগ দুই সপ্তাহ পরও জনগণ পায়নি।বিএনপির চেয়ারপারসন বলেন, এভাবে অপরাধ ও অপরাধীকে প্রশ্রয় দেওয়ার কারণে প্রতিবেশী দেশগুলোর জনগণের মধ্যে যে নেতিবাচক ধারণা তৈরি হয়ে চলেছে, তা উপমহাদেশে বাংলাদেশের নিরাপত্তার জন্য বিপর্যয়ের কারণ হয়ে উঠতে পারে। আন্তর্জাতিক ক্ষেত্রেও বাংলাদেশকে জবাবদিহি করতে হচ্ছে। সরকার ওই ঘটনাকে রাজনৈতিক রঙে রঞ্জিত করে প্রতিদ্বন্দ্বীদের দমন ও সংকীর্ণ ফায়দা হাসিলের অপচেষ্টা করছে বলে অভিযোগ করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, ‘এই অবস্থায় আমরা চুপ করে থাকতে পারি না। আমরা এই গুরুতর ঘটনা নিয়ে ফায়দা হাসিলের অপচেষ্টাকে আগুন নিয়ে খেলার শামিল বলে শাসকদের সতর্ক করছি এবং অবিলম্বে একটি বিশ্বাসযোগ্য তদন্তের জন্য জোর দাবি জানাচ্ছি।’খালেদা জিয়া বলেন, ‘সংখ্যালঘুদের জানমাল ও উপাসনালয়ের ওপর কোনো রকম হুমকি বা ক্ষতিসাধন আমরা বরদাশত করতে পারি না। পার্বত্য অঞ্চলে আজ সংখ্যালঘুরা যেভাবে শারীরিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত ও মানসিকভাবে মর্মাহত হয়েছেন এবং অমর্যাদাবোধে ভুগছেন, তা দ্রুত দূর করার দায়িত্ব আমাদের সবাইকে নিতে হবে।’বিএনপির চেয়ারপারসন দলের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘আমি নির্দেশ দিচ্ছি, তাঁরা যেন দৃঢ়তার সঙ্গে মন-প্রাণ ও শক্তি-সামর্থ্য দিয়ে প্রতিটি জেলায় সংখ্যালঘু জনগোষ্ঠীর সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করেন, যাতে এ ধরনের ঘটনা ভবিষ্যতে ঘটানোর দুঃসাহস কারও না হয়।’