ফায়ার সার্ভিসের মহাপরিচালকের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক আবু নাইম মোহাম্মদ শহীদুল্লাহর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলে সংসদীয় কমিটির সুপারিশ বাস্তবায়নে রাজি হননি স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।সংসদীয় উপকমিটির তদন্তে ওই মহাপরিচালকের দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ার পর কমিটি তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল।আজ বুধবার জাতীয় সংসদ ভবনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদীয় কমিটির এ সুপারিশ বাস্তবায়নে মন্ত্রণালয়ের অনীহার কথা জানান। কমিটির সভাপতি আবদুস সালাম এই সভায় সভাপতিত্ব করেন।এর আগে গত ২১ এপ্রিল সংসদীয় কমিটির সভায় ফায়ার সার্ভিসের মহাপরিচালকের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের সুপারিশ করা হয়েছিল।জানা গেছে, ফায়ার সার্ভিসের আন্তর্জাতিক ক্রয়ে দুর্নীতি ও অনিয়মের অভিযোগের তদন্তে গঠিত সংসদীয় উপকমিটির পরামর্শ অনুযায়ী কমিটি এ সুপারিশ করেছিল। আজকের সভায় বিষয়টি উত্থাপনের পরই মন্ত্রী তা নাকচ করে দেন। সভায় এ নিয়ে কমিটির সদস্যরা অসন্তোষ প্রকাশ করেন বলেও জানা গেছে।কমিটির সভাপতি আবদুস সালাম সাংবাদিকদের বলেন, ‘সংসদীয় উপকমিটির প্রতিবেদন অনুসারে করা সুপারিশটি বাস্তবায়িত হয়নি। কিন্তু আমরা (সংসদীয় কমিটি) তো তাদের (মন্ত্রণালয়কে) ফোর্স (জোড়) করে এটা করতে বলতে পারি না। কমিটিতে শুধু সুপারিশই করতে পারি।’আরও জানা গেছে, সভায় এ নিয়ে আলোচনাকালে ফায়ার সার্ভিস মহাপরিচালকের পক্ষেই অবস্থান নেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ ব্যাপারে কমিটির সভাপতি আবদুস সালাম বলেন, ‘সভায় মন্ত্রী বলেছেন যে তাঁর মনে হয় না, তদন্ত কমিটির প্রতিবেদনে এত মারাত্মক কিছু আছে। তবু মন্ত্রণালয় এটা দেখবে।’স্থায়ী কমিটির সুপারিশের আগে স্বরাষ্ট্রমন্ত্রী উপকমিটির ওই প্রতিবেদন সম্পর্কে কিছু বলেননি কেন? এমন প্রশ্নের জবাবে সভাপতি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়টি নিয়ে ওই সময় কথা বললেই ভালো হতো।’ তিনি আরও বলেন, ‘উপকমিটির ওই প্রতিবেদন কমিটিতে উপস্থাপিত হওয়ার পর এ নিয়ে অনেক আলোচনা হয়েছে। এর পরই কমিটি তার সুপারিশ চূড়ান্ত করেছে। এখন যদি কেউ বলেন, এটা ঠিক হয়নি, তবে এটা তো খুব জটিল পরিস্থিতি।’এর আগে বৈঠক থেকে বেরিয়ে কমিটির সদস্য মুজিবুল হক সাংবাদিকদের বলেন, ফায়ার সার্ভিসের মহাপরিচালকের দুর্নীতির ব্যাপারে উপকমিটির ওই প্রতিবেদন নিয়ে বৈঠকে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর কাছে এই প্রতিবেদনের ভাষ্য অর্থাত্ দুর্নীতির বিষয়টি বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। বিষয়টি নিয়ে তিনি বেশ বিব্রত বলে মনে হয়েছে।কমিটির সভাপতি আরও বলেন, ‘উপকমিটির রিপোর্ট অত্যন্ত পরিষ্কার ও তথ্যনির্ভর। এখানে আমরা (সংসদীয় কমিটি) ফায়ার সার্ভিসের মহাপরিচালকের দুর্নীতির প্রমাণ পেয়েছি। এ কারণেই তাঁর চুক্তিভিক্তিক নিয়োগ বাতিলের সুপারিশ করা হয়েছে।’