ফি দাবি করে বিটিআরসির চিঠির অংশবিশেষ কেন বেআইনি নয়
বেসরকারি মোবাইল ফোন কোম্পানি বাংলালিংকের স্বাভাবিক কার্যক্রম যাতে বাধাগ্রস্ত না হয়, সে জন্য স্থিতাবস্থার আদেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে স্পেকট্রাম ফি বাবদ অর্থ দাবি করে বিটিআরসির চিঠির অংশবিশেষ কেন বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।আজ বুধবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেন।গত ১৭ অক্টোবর বিটিআরসি স্পেকট্রাম ফি ও লাইসেন্স নবায়নের ফি পরিশোধের জন্য বাংলালিংককে চিঠি দেয়। ওই চিঠির অংশবিশেষের বৈধতা চ্যালেঞ্জ করে বাংলালিংক গত ৩০ অক্টোবর হাইকোর্টে রিট করে। প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল জারির পাশাপাশি তিন মাসের স্থিতাবস্থার আদেশ দেন।আদালতে বিটিআরসির পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও খন্দকার রেজা-ই রাকিব মামলা পরিচালনা করেন। বাংলালিংকের পক্ষে ছিলেন আইনজীবী মো. আসাদুজ্জামান। মো. আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, মোবাইল ফোন কোম্পানিটির স্বাভাবিক কার্যক্রম যাতে বাধাগ্রস্ত না হয়, সে জন্য তিন মাসের স্থিতাবস্থার আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে স্পেকট্রাম ফি বাবদ ২১৯২.০৮ কোটি টাকা দাবি করে বিটিআরসির চিঠির অংশবিশেষ কেন বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।বিটিআরসির চেয়ারম্যান, পরিচালক (লিগ্যাল ও লাইসেন্সিং বিভাগ), পরিচালকসহ (স্পেকট্রাম ব্যবস্থাপনা) ছয় বিবাদীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলেছেন আদালত।