ফিক্সিং নিয়ে বিসিবির সংবাদ সম্মেলন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকাল থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা। মিরপুরের বিসিবি কার্যালয়ে সাংবাদিকদের সেই অপেক্ষার অবসান হলো বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরীর একটা ঘোষণায়, ‘কাল (আজ) বেলা একটায় বোর্ড সভাপতি সংবাদ সম্মেলন করবেন। তার আগে দুপুর ১২টায় তিনি বোর্ড সদস্যদের সঙ্গে আলোচনায় বসবেন।’কী নিয়ে সেই আলোচনা এবং সংবাদ সম্মেলনই বা কী নিয়ে, সেসব অনুমান করা কঠিন কিছু নয়। গত পরশু রাতে বিসিবির সভাপতি নাজমুল হাসানকে ফিক্সিং তদন্তের সর্বশেষ অবস্থা সম্পর্কে অবগত করেছেন আইসিসির দুর্নীতি দমন বিভাগের (আকসু) কর্মকর্তারা। বোর্ড সদস্যদের আজ সেটাই জানাবেন সভাপতি। আলোচনায় মোহাম্মদ আশরাফুলসহ এখন পর্যন্ত বিপিএলে ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত ক্রিকেটারদের সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে সাময়িকভাবে দূরে রাখার সিদ্ধান্ত হতে পারে। বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহীর কথায় সে আভাস আছে, বিষয়টা বেশ ভালোভাবেই বিবেচনা করছে বোর্ড। তবে সবকিছু নির্ভর করছে আকসু তদন্তে কী পেল, তার ওপর।কাল সকালে ঢাকা ছেড়ে গেছেন আকসুর দুই কর্মকর্তা। যাওয়ার আগে বিসিবির সভাপতিকে তদন্ত সম্পর্কে কী বলে গেছেন, সেটা বলতে রাজি নয় বিসিবির কেউই। স্বয়ং বোর্ড সভাপতিই নাকি এ নিয়ে বোর্ড কর্মকর্তাদের সংবাদমাধ্যমে মন্তব্য করতে নিষেধ করে দিয়েছেন। সবার মুখে তাই কুলুপ আঁটা। তবে এটুকু নিশ্চিত হওয়া গেছে, বিপিএলের ফিক্সিং নিয়ে বিসিবিকে এখনো চূড়ান্ত প্রতিবেদন দেয়নি আকসু।ঢাকা গ্ল্যাডিয়েটরসের মালিকের সঙ্গে কথা না বলে সেটা দেওয়ার কথাও নয়। দেশের বাইরে থাকায় আকসু এই দফাও ফ্র্যাঞ্চাইজির চেয়ারম্যান সেলিম চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করতে পারেনি। তাঁর দেশে ফেরার কথা আজ। তবে পরশু রেডিসন হোটেলে সেলিম চৌধুরীর ছেলে ও ঢাকা গ্ল্যাডিয়েটরসের ব্যবস্থাপনা পরিচালক শিহাব চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করেছে আকসু। জিজ্ঞাসাবাদের কথা স্বীকার করে শিহাব চৌধুরী কাল টেলিফোনে প্রথম আলোকে বলেছেন, ‘তাঁরা আমাকে বিভিন্ন প্রশ্ন করেছেন। আমি সেসবের উত্তর দিয়েছি। কিছু ডকুমেন্টসও চেয়েছেন তাঁরা। আগামীকাল (আজ) সেসব পাঠিয়ে দেব। আকসু কর্মকর্তারা আমাকে বলেছেন তাঁদের তদন্ত এখনো শেষ হয়নি।’ শিহাব জানিয়েছেন, ঢাকা গ্ল্যাডিয়েটরস কর্মকর্তাদের মধ্যে এখন পর্যন্ত তিনি ছাড়া শুধু প্রধান নির্বাহী গৌরব রাওয়াতের সঙ্গেই কথা বলেছে আকসু। ভারতীয় রাওয়াতের জিজ্ঞাসাবাদ হয়েছে ব্যাঙ্ককে।আকসুর তদন্ত এখন আর বিপিএল পর্যন্তও সীমাবদ্ধ নেই। কেঁচো খুঁড়তে গিয়ে বেরিয়ে এসেছে সাপ। বেরিয়ে এসেছে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশি ক্রিকেটারদের ফিক্সিংয়ের কাহিনিও। এ নিয়ে বিস্তারিত না বললেও বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী কাল জানিয়েছেন, ‘তদন্তের আওতা এখন অনেক বেড়ে গেছে।’