ফিক্সিং সমাচার
ফিক্সিং! ফিক্সিং!! ফিক্সিং!!!কান ঝালাপালা! গড়াপেটার মর্জিনির্ভর সহস্র অজুহাত: কে কাকে ছেড়ে দিচ্ছে, কার থালা কে কেড়ে নিচ্ছে, কে যে কাকে খরিদ করছে, কে কোন দলকে জরিপ করছে, কড়ি ফেলছে, তেল মাখছে, কার মনের কী গতিবিধি—সবই মেপে ফেলছে ‘গোবিন্দ সিন্ডিকেট’ অর্থাৎ, মনের খবর আগেভাগেই জেনে ফেলার অর্থচক্র। তাদের খপ্পরে পড়ে যাচ্ছে গ্লোবাল স্পোর্টসের সুস্থ ধারাটি। খেলা আর খেলা থাকছে না। খোলামেলা আর বড় বেশি এলোমেলো হয়ে পড়ছে। এই সিন্ডিকেশনের হোতারা নাকি দুবাইকেন্দ্রিক পাকিস্তান-ভারতের শ্রেষ্ঠ জুয়াড়িচক্র। ফুটবলের বুকে বুলেট চালিয়েই হোক, আর ক্রিকেটকে ক্রুশবিদ্ধ করেই হোক—ছক আঁটছেন ‘মালপানি জিন্দাবাদ’ এবং ‘ধান্দাবাজি জিন্দাবাদ’ প্রমুখ অসভ্য-মার্কা সব্যসাচীগন। ধোপদুরস্ত পোশাকের নিচে টাকার পোন্দা, অশালীন জীবনযাপনের দৃষ্টিভঙ্গি!বিলেতিদের বনেদিপনার মধ্যে ধোয়া তুলসির গন্ধ কি কেউ পাচ্ছে না? শেতাঙ্গদের অঙ্গে কি বিশ্রীভঙ্গি নেই। মাতঙ্গিনী কামরূপসী মহারানি ভিক্টোরিয়ার জীবনবৃত্তান্ত কজন পড়েছি? ইতিহাস সাক্ষ্য দেয়, ওই মহামানবীর (?) যৌন ফিক্সিং! কেলেঙ্কারি নয়, বরং কলঙ্কিনীর উল্টোপিঠে লিখে রাখা সহস্র পুরুষ-নির্যাতনের গল্প। আমার অল্প বিদ্যা, সুতরাং আমিও ভয়ংকর জীব। লেখা-ফিক্সিংয়ের দণ্ডে দণ্ডনীয় অপরাধী। কেননা, আমারও রয়েছে এক ধরনের অ্যালার্জি, এক ধরনের সিদ্ধান্ত—অমুক পত্রিকায় লিখব, অমুক পত্রিকায় লিখব না। অর্থাৎ কলম-ফিক্সিং; এই দোয়াতে ডুবে মরব, ওই দোয়াতে ভাসবই না। হিসাব কষলে সবকিছুতেই ফিক্সিং!২০ সেপ্টেম্বর, সোমবার, সন্ধ্যায় হঠাৎ খেয়াল চাপল, বেশ কয়েক দিন হলো সমিতিতে যাই না, একটু যাই। মনের তাগিদটার মৃত্যুবরণ ঘটেনি যখন, তখন একটু না-হয় ঢু মারি! সমিতি, মানে ক্রীড়ালেখক সমিতি। বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি। তো ঢুকেই দেখি, এক সুঠামদেহী লম্বা তরুণ, এ প্রজন্মের ধুমধাড়াক্কা নেতা, সংবাদপত্রসেবী এই তরুণ-বন্ধুটি অনুজতুল্য তো বটেই, বলা যায় সন্তানতুল্য। সে একটির পর একটি পত্রিকা অফিসের ক্রীড়া বিভাগে টেলিফোন করে বলে যাচ্ছে, ‘ঢাকা রিপোর্টার্স ইউনিটি এবং র্যাপিড মিডিয়া সিকিউরিটি ফুটবল’ প্রতিযোগিতায় কে কার বিরুদ্ধে খেলবে, তার পরিকল্পনার কথা! ফিকশ্চার কীভাবে করতে হবে, তার অভিপ্রায় তুলে ধরছে এভাবেই: সাবধান, মানবজমিন যেন প্রথম আলোর গ্রুপে না থাকে! আর জনকণ্ঠ যেন কোনোভাবেই সংগ্রাম-এর গ্রুপে না পড়ে! নয়া দিগন্ত-এর সঙ্গে ডেইলি স্টার পড়লেও একই অবস্থা। একটু খেয়াল করে ফিকশ্চার করবেন। টিভি ছেড়ে তখন বাবলি (হাসান মাহমুদ) পাকিস্তান-ইংল্যান্ডের চতুর্থ ওয়ানডে দেখছে। বাবলির দিকে চোখ-ভুরু ইশারায় জিজ্ঞেস করলাম, ‘কী খবর বাবলি, হীরু এতক্ষণ যাবত কার সঙ্গে কথা বলছে?’বাবলির সাফ জবাব, ‘বুঝতাছেন না? হীরু ডিআরইউ র্যাপিড মিডিয়া ফুটবলের ফিক্সিং করছে, সমানে মনিটর করছে, কার সঙ্গে কে খেলবে, কে খেলবে না।’আমি রসালো ব্যাপারটাকে আরেকটু গাঢ় করতে চাইলাম, ধরো, চ্যানেল আই-দিগন্ত টিভি কিংবা সংগ্রাম-জনকণ্ঠ ফাইনালে উঠল, তখন কী হবে?—খেলা পণ্ড!কথাটা হীরু না বাবলি বলল, বুঝলাম না।এদিকে কমলাপুর মাঠের ফলাফল এসে গেছে: বাংলাদেশ মহিলা দলটি জর্ডান দলের কাছে ১-৬ গোলে বিধ্বস্ত হয়েছে। ভারত হেরেছে ইরানের ঘোমটা বাহিনীর কাছে ২-৪ গোলে। ভারত-বাংলাদেশ কি হেরে যাওয়ার বিষয়টি ফিক্সিং করেছিল? ঘুষ খেয়েছিল, না ঘুষি খেয়েছিল?—কোনোটাই না, লাথি-উষ্টা খেয়েছিল!আমাদের র্যাঙ্কিংটা ফিফা তালিকায় কীভাবে তরতরিয়ে অতগুলো ধাপ ওপরে উঠল?—আমাদের বাংলিশ ভাই (বাঙালি+ইংলিশ) ফিক্সিং করেছিল!