ফিজিওথেরাপি কলেজ নির্মাণের দাবিতে অধিদপ্তর ঘেরাও
ফিজিওথেরাপি কলেজ নির্মাণ ও শিক্ষকসংকট নিরসনের দাবিতে গতকাল রোববার সকাল থেকে সাত ঘণ্টা স্বাস্থ্য অধিদপ্তর ঘেরাও করে রাখেন ফিজিওথেরাপির শিক্ষার্থীরা।প্রত্যক্ষদর্শী ও স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, সকাল নয়টার দিকে স্নাতক পর্যায়ের শতাধিক শিক্ষার্থী মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান ফটক ঘেরাও করেন। ক্ষুব্ধ শিক্ষার্থীরা অধিদপ্তর ভবন অবরুদ্ধ করে সমাবেশ করেন। তাঁরা এ সময় ‘ফিজিওথেরাপি কলেজ দিতে হবে’, ‘স্থায়ী শিক্ষকের দ্রুত নিয়োগ দিতে হবে’, ‘স্বাস্থ্যমন্ত্রীর মিথ্যা আশ্বাস মানি না, মানব না’ এসব স্লোগান দেন।একপর্যায়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এ এস এম সাইফুল ইসলাম ও পরিচালক শাহ আবদুল লতিফ (চিকিৎসা, শিক্ষা ও জনশক্তি উন্নয়ন) এসে শিক্ষার্থীদের কলেজ ভবন নির্মাণ ও শিক্ষকসংকট সমাধানের আশ্বাস দেন। এ সময় অধিদপ্তরের সামনে বিপুলসংখ্যক পুলিশ উপস্থিত ছিল। বিকেল চারটার দিকে শিক্ষার্থীরা ঘেরাও কর্মসূচি শেষ করেন। গতকাল রাতে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক শাহ আবদুল লতিফের সঙ্গে চেষ্টা করেও এ বিষয়ে কথা বলা সম্ভব হয়নি। বাংলাদেশে ফিজিওথেরাপি স্টুডেন্টস ইউনিয়নের (বা.প.সু) যুগ্ম আহ্বায়ক ফিরোজুল আলম প্রথম আলোকে জানান, দাবি আদায় করতে গিয়ে কয়েক বছর ধরে শুধু আশ্বাস ছাড়া তাঁরা আর কিছুই পাননি। এখন কোনো আশ্বাসই তাঁদের কাছে বিশ্বাসযোগ্য নয়।