ফিজিওথেরাপি শিক্ষার্থীদের স্বাস্থ্য অধিদপ্তর ঘেরাও
ফিজিওথেরাপি কলেজ নির্মাণ ও শিক্ষক-সংকট সমাধানের দাবিতে আজ রোববার সকাল থেকে স্বাস্থ্য অধিদপ্তর ঘেরাও করে রেখেছেন ফিজিওথেরাপির শিক্ষার্থীরা।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল নয়টার দিকে স্নাতক পর্যায়ের প্রায় ২০০ শিক্ষার্থী ব্যানার ও ফেস্টুন নিয়ে মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তর ঘেরাও করেন। এ সময় তাঁরা স্বাস্থ্য অধিদপ্তর অবরুদ্ধ করে দফায় দফায় মিছিল করেন।বাংলাদেশে ফিজিওথেরাপি স্টুডেন্টস ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক ফিরোজুল আলম প্রথম আলো ডটকমকে বলেন, বিভিন্ন আন্দোলন ও কর্মসূচির মুখে ২০০৯ সালে সরকার মহাখালীর আইটিএইচ প্রাথমিক বিদ্যালয়ের পেছনে ফিজিওথেরাপি কলেজের জন্য সোয়া পাঁচ একর জমি বরাদ্দ করলেও আজ পর্যন্ত ভবন নির্মাণের কাজ শুরু করেনি। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) স্থাপিত একটি শ্রেণীকক্ষে প্রায় আড়াই শ শিক্ষার্থী পড়াশোনা করছেন। আছেন মাত্র একজন শিক্ষক। শিক্ষক-সংকট সমাধানে একাধিকবার স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেও কোনো সুফল পাওয়া যায়নি।ফিরোজুল বলেন, স্বতন্ত্র ফিজিওথেরাপি কলেজ ভবন নির্মাণ ও শিক্ষক-সংকট সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন-কর্মসূচি চলবে। আজকের কর্মদিবস শেষ না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা স্বাস্থ্য অধিদপ্তর ঘেরাও করে রাখবেন।