ফিটনেসহীন, রংচটা যান চলবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে পুরোনো রংচটা বাস চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।গতকাল বৃহস্পতিবার যোগাযোগ মন্ত্রণালয়ে বিশ্বকাপ উপলক্ষে যানবাহনের সুসজ্জিতকরণ ও ট্রাফিক আইন মেনে চলাচলের বিষয়ে এক যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকায় ১০ ফেব্রুয়ারি এবং চট্টগ্রাম মহানগরে ২৮ ফেব্রুয়ারির মধ্যে রংচটা গাড়ি, বিশেষ করে বাস-মিনিবাস, সিএনজি অটোরিকশা ও হিউম্যান হলার সুসজ্জিত করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এ ছাড়া যেসব গাড়ির ফিটনেস নেই, দ্রুত যান্ত্রিক ত্রুটি সারিয়ে এবং বডিতে থাকা ঘষা বা ভাঙাচোরা মেরামত করে সনদ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের এই নির্দেশ বাস্তবায়নে ঢাকায় ১১ ফেব্রুয়ারি এবং চট্টগ্রামে ১ মার্চ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। পাশাপাশি এ সময় পুলিশের অভিযানও চলবে। এদিকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) একটি সূত্র জানিয়েছে, সংস্থাটি শিগগিরই এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রচার করবে।সভায় আরও সিদ্ধান্ত হয়, রাজধানীর যেসব সড়ক দিয়ে খেলোয়াড় ও অতিথিরা চলাচল করবেন, সেসব সড়কের পার্শ্ববর্তী ভবনগুলোতে দেয়াললিখন ও কোনো পোস্টার থাকতে পারবে না। ভবনের দেয়াল পরিষ্কার রাখতে ঢাকা সিটি করপোরেশনকে দায়িত্ব দেওয়া হয়েছে।বৈঠকে সভাপতিত্ব করেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। সভা শেষে যোগাযোগমন্ত্রী সাংবাদিকদের বলেন, ক্রিকেট বিশ্বকাপের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বে তুলে ধরার একটি বড় সুযোগ। বিদেশি অতিথি ও খেলোয়াড়দের অবস্থান নিরাপদ ও আনন্দময় করতে যোগাযোগ মন্ত্রণালয় সচেষ্ট এবং প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে। মন্ত্রী বলেন, পরিবহনমালিকেরা সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে প্রতিশ্রুতি দিয়েছেন। ব্যর্থ হলে আইনি ব্যবস্থা নেবে পুলিশ। বিআরটিএ সংশ্লিষ্ট যানের ফিটনেস বাতিল করবে।মন্ত্রী জানান, বিশ্বকাপ উপলক্ষে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জসহ গুরুত্বপূর্ণ রেলস্টেশন সাজানো হবে। সরকারি পরিবহন সংস্থা বিআরটিসির যাত্রীবাহী বাসগুলো ছবি ও শুভেচ্ছাবাণী দিয়ে সুসজ্জিত করা হবে। খেলোয়াড় বহনকারী বাসগুলোর চালকদের বিআরটিএ প্রশিক্ষণ দেবে। এ ছাড়া মিরপুরে বিআরটিএ কার্যালয়ের খোলা জায়গা খেলার সময় পার্কিংয়ে ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মন্ত্রী সাংবাদিকদের জানান।বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। তিনি বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, বিশ্বকাপ উপলক্ষে যানজট নিয়ন্ত্রণে রাখতে ট্রাফিক পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। খেলা চলাকালীন মহানগরকে ভিক্ষুকমুক্ত রাখা হবে। কিছু স্থানে আলাপ-আলোচনার মাধ্যমে সাময়িকভাবে হকারমুক্তও রাখা হবে। জানা গেছে, বৈঠকে বাস মালিক ও শ্রমিক সমিতির নেতারাও উপস্থিত ছিলেন। তাঁরা আশ্বাস দিয়েছেন, বাস কোম্পানিগুলোকে সমিতির পক্ষ থেকে চিঠি দিয়ে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে তাগিদ দেওয়া হবে।বিআরটিএর হিসাব অনুযায়ী, রাজধানী ঢাকা থেকে নিবন্ধন নেওয়া যানবাহনের মধ্যে ৮০ হাজারের বেশি চলছে ফিটনেস ছাড়াই। ফিটনেসবিহীন এসব যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গত জুন মাসে পুলিশের কাছে চিঠি পাঠায় বিআরটিএ। পুলিশের কাছে ফিটনেসবিহীন পুরোনো গাড়ির নম্বর-সংবলিত এক হাজার ৫৪৪ পৃষ্ঠার একটি তালিকাও তখন পাঠানো হয়। কিন্তু পুলিশ কয়েক দিন অভিযান চালিয়ে আর এগোইনি।তালিকায় ব্যক্তিগত গাড়ি থেকে শুরু করে বাস-মিনিবাস, ট্রাক-কাভার্ড ভ্যান, মাইক্রোবাস, ট্যাক্সিক্যাব, হিউম্যান হলার ইত্যাদি রয়েছে। বিআরটিএ সূত্র জানায়, তালিকায় থাকা কিছু যানবাহন নিবন্ধন নেওয়ার পর কোনো দিনই ফিটনেস নিতে আসেনি। অধিকাংশ যানবাহন পাঁচ-সাত বছরের মধ্যে ফিটনেস পরীক্ষা করতে আসেনি বিআরটিএ কার্যালয়ে। সংস্থাটির ধারণা, পুরোনো ও ফিটনেসবিহীন এসব যানবাহনের জন্য যানজট হচ্ছে এবং দুর্ঘটনাও বাড়ছে।গতকাল যোগাযোগ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার, সড়ক ও রেলপথ বিভাগের সচিব মোজাম্মেল হক খান, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক তৌহিদুল আনোয়ার চৌধুরী, বিআরটিসির চেয়ারম্যান এম এম ইকবাল, বিআরটিএর চেয়ারম্যান আইয়ুবুর রহমান খান, যোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খোন্দকার ইফতেখার হায়দার, পরিবহন মালিক সমিতির নেতা মশিউর রহমান রাঙ্গা, খন্দকার এনায়েত উল্লাহ্, শ্রমিক নেতা ওসমান আলী প্রমুখ।