ফিটফাট সদরঘাট!
রায়েরবাজারের রাজ্জাক মিয়া যাবেন বরিশালে। সন্ধ্যা নামতেই তাই হাজির হয়েছেন সদরঘাটের ঢাকা নদীবন্দরে। এক হাতে ভ্রমণব্যাগ, কাঁধে একটা বোঁচকা। চার টাকার টিকিট কেটে ফটক গলে ঢুকে পড়লেন বন্দরের ভেতর। কথা হয় তাঁর সঙ্গে। মাস চারেক পর বাড়ি যাচ্ছেন রাজ্জাক। এই সময়ের মধ্যে সদরঘাটে কোনো পরিবর্তন চোখে পড়ছে কি—এমন প্রশ্নে তিনি বলেন, ‘আইজকা নিজের বোঝা নিজে কাঁধে কইরা আনছি, কাউরে কোনো পয়সা দিতে হয় নাই। আগে তো নিজের বোঝা নিজে আনলেও কুলিদের টাকা দিতে হইত। আর টাকা না দিলে লাল শার্ট পরা কুলিরা কাইড়া নিয়া মাল আটকাইয়া রাখত।’সদরঘাটের ঢাকা নদীবন্দরে দেখা যাচ্ছে বদলের ছোঁয়া। সাইনবোর্ড, ফেস্টুনে রয়েছে আধুনিকতার ছাপ। নতুন রং লেগেছে বন্দরের দেয়ালে। এখনো চকচক করছে লাল-সাদা রং। তবে দেয়ালের পাশের প্যাসেজে লাল শার্ট পরা কুলিদের কোনো দেখা মিলল না। এদিক-সেদিক দেখা গেল আকাশি শার্ট পরা গুটিকয়েক কুলিকে। যাত্রী হয়রানি বন্ধে মাসখানেক আগে লাল শার্টের বদলে আকাশি শার্টের কুলিদের নামানো হয়েছে। আর দেয়ালে দেয়ালে বিআইডব্লিউটিএর ফেস্টুনে উল্লেখ করা হয়েছে, বন্দরে শ্রমিক পরিচালনায় ইজারা প্রথা বাতিল করা হয়েছে। এখন শ্রম যাঁর, মজুরি তাঁর। তার মানে, বন্দরে যিনি মাল টানবেন, তিনিই পয়সা পাবেন।ঢাকা নদীবন্দরের ৪ নম্বর ফটকটি দিয়ে লঞ্চে মাল আনা-নেওয়া করা হয়। সন্ধ্যার পর লঞ্চে মাল নিতে ব্যস্ত সময় পার করেন কুলিরা। কেউ মাথায় করে পন্টুনের দিকে নিয়ে যাচ্ছেন মালামাল। আবার বাকল্যান্ড বাঁধ থেকে ঢাল ঠেলে বন্দরের ভেতর রিকশাভ্যানসুদ্ধ মালপত্র নিয়ে যাচ্ছেন কেউ কেউ। একেবারে লঞ্চের মুখে নিয়ে রাখা হচ্ছে রিকশাভ্যান। সেখান থেকে দ্রুত মাল নিয়ে রাখা হচ্ছে লঞ্চে। সন্ধ্যায় সদরঘাটে কুলিদের একটুও বিরাম নেই। একটি মাল খালাস করেই আবার ফটকের দিকে দে ছুট...। এভাবেই আকাশি শার্টওয়ালারা মাল টানছেন। এত শ্রম দেওয়া হচ্ছে, তার মজুরি কি মিলছে ঠিকঠাক? বিষয়টি জানতে চাওয়া হয় এক কুলির কাছে। তিনি কথা বলেন, কিন্তু নাম প্রকাশ করতে চান না। তাঁর ভাষ্য, ‘যেই কাম করি, সব টাকা যদি পাইতাম, তাইলে এক রাইতে চার-পাঁচ শ টাকা পকেটে আসত। আমরা তো আর পাবলিকের কাছ থেইকা মজুরি উঠাই না। সেইটা উঠায় সর্দাররা। তারা আমাগো দেড়-দুই শ টাকা দেয়।’সদরঘাটে এখন কুলিদের নিয়ন্ত্রক ইজারাদার নেই। কিন্তু সর্দার, শ্রমিকনেতার বেশে অনেক চাঁদাবাজ রয়েছেন। তাঁরাই শ্রমিকদের ঘামে ভেজা আয়ের বেশির ভাগ নিয়ে নিচ্ছেন। এ বিষয়ে কুলিরা কথা বলতে ভয় পান। তবে কেউ কেউ আড়ালে গিয়ে ক্ষোভ প্রকাশ করলেন।শ্রমিকদের ক্ষোভ দূর করতে হলে ঢাকা নদীবন্দর থেকে শ্রমিকনেতা ও সর্দারদের সরাতে হবে। কিন্তু সেদিকে কর্তৃপক্ষের নজর নেই। তবে মাল ওঠা-নামার ক্ষেত্রে দরদামের ঝঞ্ঝাট এড়াতে কর্তৃপক্ষ মালের ওজন অনুযায়ী কুলিদের শ্রমের দরও নির্ধারণ করে দিয়েছে। এ জন্য বন্দরের দেয়ালে দাম নির্ধারণ করা সাইনবোর্ড টাঙানো হয়েছে। আবার মাল ওজন করার জন্য একাধিক স্কেলও রাখা হয়েছে। তবে ঘণ্টা দুয়েক বন্দরে থেকে সেগুলোর কোনো ব্যবহার দেখা গেল না। এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে একজন টিকিট চেকার জানান, কুলিরা মালের বোঝা নিয়ে স্কেলে রেখে মাপতে যতক্ষণ লাগবে, ততক্ষণে মাল লঞ্চে উঠিয়ে ফেলতে পারবেন। তাই খাটুনি এড়াতে আর সময় বাঁচাতে মাপার কাজ সবাই এড়িয়ে চলছেন। তবে কর্তৃপক্ষ যেভাবে দাম নির্ধারণ করেছে, তাতে অনুমান করেও দাম চুকানো যায়।