ফিতরা সর্বনিম্ন ৫৫ টাকা
এবার জনপ্রতি ফিতরা সর্বনিম্ন ৫৫ টাকা ও সর্বোচ্চ এক হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় সদাকাতুল ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মোহাম্মদ সালাহউদ্দিন।ইসলামি শরিয়াহ অনুযায়ী, গম বা আটা, খেজুর, কিশমিশ, পনির ও জব ইত্যাদির যেকোনো একটি দ্বারা ফিতরা আদায় করা যায়। গম বা আটা দিয়ে আদায় করলে অর্ধ সা বা এক কেজি ৬৫০ গ্রাম বা এর বাজারমূল্য ৫৫ টাকা আদায় করতে হবে। খেজুরের মাধ্যমে আদায় করলে এক সা বা তিন কেজি ৩০০ গ্রাম বা এর বাজারমূল্য এক হাজার ৩২০ টাকা দিতে হবে। কিশমিশের মাধ্যমে আদায় করলে এক সা বা তিন কেজি ৩০০ গ্রাম অথবা এর বাজারমূল্য এক হাজার ৫০০ টাকা দিতে হবে। আর পনির দিয়ে আদায় করলে এক সা বা তিন কেজি ৩০০ গ্রাম বা এর বাজারমূল্য এক ৫০০ টাকা আদায় করতে হবে। মুসলমানেরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সদাকাতুল ফিতরা আদায় করবেন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক জেলা ও দায়রা জজ মো. ইসমাইল মিয়া, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো. সিরাজুল হক, আবদুল্লাহ আল মারুফ, মো. আবু সালেহ পাটোয়ারী, মো. আবদুল্লাহ, ওয়ালিয়ুর রহমান খান, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম মুহিব্বুল্লাহিল বাকী নদভী, সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষক মো. ইসরাইল হোসাইন, মাসিক আদর্শ নারী পত্রিকার সম্পাদক আবুল হাসান শামছাবাদী, সারওয়ার হোসেনসহ দেশের বিশিষ্ট আলেম-ওলামারা। তথ্য বিবরণী।