বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শেষ হওয়ার পরপরই গতকাল রোববার দুপুর থেকে দূর-দূরান্ত থেকে আসা মুসল্লিরা বাড়ি ফিরতে শুরু করেন। একসঙ্গে বহু মানুষ তাঁদের গন্তব্যে ফিরতে শুরু করায় টঙ্গীর আশপাশের সড়ক-মহাসড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়।ফলে স্বল্প দূরের যাত্রীরা হেঁটেই রওনা দেন। এই বিপুল জনস্রোতের কারণে যানবাহনের গতি ছিল মন্থর। দূরপাল্লার বাসগুলোও ছেড়েছে বিলম্বে। বিভিন্ন জেলা থেকে যেসব মুসল্লি বাস ভাড়া করে এসেছিলেন, তাঁদেরও অপেক্ষা করতে হয়েছে প্রায় সন্ধ্যা পর্যন্ত। বিকেল পাঁচটা পর্যন্ত ইজতেমা মাঠের আশপাশের এলাকায় বহু বাস-মিনিবাস থেমে ছিল। মাগরিবের নামাজ শেষে মুসল্লিদের নিয়ে এসব বাস যাত্রা শুরু করে।এদিকে আখেরি মোনাজাতের জন্য গতকাল ভোর পাঁচটা থেকে গাজীপুরের ভোগরা বাইপাস থেকে ঢাকার নিকুঞ্জ পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। মোনাজাত শেষে ফেরার পথে যে যার মতো ছুটতে থাকেন গন্তব্যে। ট্রেনে বগির ভেতর তিল ধারণের ঠাঁই ছিল না। ইঞ্জিন ও ছাদও ছিল লোকজনে ভরা। টাউন সার্ভিস ও দূরপাল্লার বাসের ছাদেও ছিল প্রচুর যাত্রী। এ ছাড়া ট্রাক, অটোরিকশা ও রিকশাভ্যানে ইজতেমা মাঠ থেকে মুসল্লিরা ঘরে ফিরেছেন। এই সুযোগে যানবাহনের চালকেরা কিছু কিছু রুটে মুসল্লিদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এসব ভোগান্তি নিয়েই আখেরি মোনাজাত শেষে বাড়ি ফিরেছেন মুসল্লিরা।