ফিরলেন না ইলিয়াস আলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর হরতাল ডেকেছিল বিএনপি। ওই হরতালে গাড়ি পোড়ানোর ঘটনায় বিএনপির প্রথম সারির নেতাদের গ্রেপ্তার করে পুলিশ। সেই গ্রেপ্তারের আড়ালে হারিয়ে যায় ইলিয়াস আলী নিখোঁজের আন্দোলন। এখন এ নিয়ে কেউ আর তেমন কথাও বলেন না।তবে ইলিয়াস আলীকে পাওয়া না গেলেও তাঁর বাড়ির চারপাশে এখনো ক্লোজ সার্কিট ক্যামেরা বসিয়ে রেখেছে পুলিশ প্রশাসন। ওই ক্যামেরা এড়িয়ে ওই বাড়িতে মাছি গলারও কোনো সুযোগ নেই। তবে ইলিয়াস ও তাঁর গাড়িচালকের এখনো কোনো খোঁজ নেই। তাঁদের উদ্ধারে যে তৎপরতা ছিল, তাও থেমে গেছে।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা আগেই আমাদের কাছে ইলিয়াস আলীর বেঁচে থাকা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। এখন বিভিন্ন মহল থেকে নিশ্চিত করে বলা হচ্ছে, ইলিয়াস আলী আর বেঁচে নেই। তাই খোঁজার তৎপরতাও নেই। কিন্তু যে যা-ই বলুক, ইলিয়াস আলীর ফেরার আশায় বুক বেঁধে আছেন তাঁর স্ত্রী তাহসিনা রুশদীর। নিখোঁজ হওয়ার পর তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছিলেন। প্রধানমন্ত্রী ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার আশ্বাস দিয়েছিলেন তাঁকে।গত ১৭ এপ্রিল রাতে বনানীর রাস্তা থেকে নিখোঁজ হন বিএনপির নেতা ইলিয়াস আলী ও তাঁর গাড়িচালক আনসার আলী। রাস্তার ওপর পাওয়া যায় তাঁর ব্যক্তিগত গাড়িটি। এরপর একাধিক সূত্র নিশ্চিত করেছে, ইলিয়াস আর জীবিত নেই। অপহরণকারীরা তাঁর চালককেও মেরে ফেলেছে। কোন এলাকায় এ ঘটনা ঘটেছে, সে ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।ইলিয়াসকে সরকারি কোনো বাহিনীর সদস্যরা ধরে নিয়ে গেছেন বলে ঘটনার পর থেকেই অভিযোগ করে আসছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ অন্য নেতারা। তদন্তসংশ্লিষ্ট পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, অপহরণের পর তাঁদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে, কোথায় রাখা হয়েছে, কোথায় হত্যা করা হয়েছে, কোথায় লাশ ফেলা হয়েছে—এসব তথ্য তাঁদের কাছে নেই।ইলিয়াস আলী নিখোঁজের কিছুদিন পর সিলেটের একজন বিএনপির নেতা দাবি করেন, তাঁর মুঠোফোনে ইলিয়াসের নম্বর থেকে মিসড কল এসেছে। পরে বিষয়টি নাকচ করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো।ইলিয়াস ও তাঁর গাড়িচালক নিখোঁজ হওয়ার ঘটনায় একটি মামলা পর্যন্ত হয়নি। নিখোঁজ হওয়ার পরদিন তাহসিনা এ ঘটনায় বনানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পুলিশ এখনো সেই জিডির সূত্র ধরেই মামলার তদন্ত করে যাচ্ছে। তবে ইলিয়াস আলীও ফেরেননি, আর কীভাবে কী হলো তার কিছুও এখনো জানা গেল না। কামরুল হাসান