ফিরলেন প্রভা
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে অভিনয়ে ফিরলেন মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। আজ মঙ্গলবার ঢাকার উত্তরখানের প্রমি শুটিং হাউসে কায়সার আহমেদ পরিচালিত খণ্ড নাটক ‘প্রণয়িনী’তে অভিনয়ের মধ্য দিয়ে প্রায় দুই বছর বিরতি শেষে অভিনয়ে ফিরলেন প্রভা। রিজওয়ান খান রচিত ‘প্রণয়িনী’ নাটকে প্রভার বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় নাট্যাভিনেতা আনিসুর রহমান মিলন।নাটকের গল্পে দেখা যাবে যে মিলন সব সময়ই শিশুসুলভ আচরণ করেন। তাঁকে ভালো করে তোলার সব দায়িত্ব বর্তায় প্রভার ওপর। এই নিয়েই মূলত নাটকের গল্প এগিয়ে যাবে।অভিনয়ে ফেরা প্রসঙ্গে প্রথম আলোকে প্রভা বলেন, ‘সবার দোয়ায় আবারও আমি অভিনয়ে ফিরেছি। এটা সত্যিই আমার জন্য অনেক আনন্দের। আমি আমার বাবা-মায়ের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ যে তারা শেষ পর্যন্ত আমাকে আবার অভিনয়ে ফেরার জন্য উত্সাহ দিয়েছেন। বিশেষভাবে আমি কৃতজ্ঞ আমার স্বামীর কাছে। শান্ত আমাকে সবচেয়ে বেশি প্রেরণা জুগিয়েছেন। কৃতজ্ঞ নির্মাতা কায়সার ভাইয়ের কাছেও।’প্রভা সর্বশেষ সৈয়দ জামিম পরিচালিত ধারাবাহিক নাটক ‘পথ জানা নেই’-তে অভিনয় করেছেন।একুশে টিভিতে প্রচারের লক্ষ্যে ‘প্রণয়িনী’ নাটকটি নির্মিত হচ্ছে।