প্রথম আলোয় প্রকাশিত ‘বাল্যবিবাহ’ সম্পর্কিত বিশেষ প্রতিবেদনটি পড়ে আঁতকে উঠলাম। আমাদের দেশে বাল্যবিবাহ এখনো চলছে সেটা জানতাম, কিন্তু এর বিস্তার যে এত ব্যাপক, তা জানা ছিল না। ইউনিসেফের দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতি তিনজন মেয়ের মধ্যে দুজনই বাল্যবিবাহের শিকার। এ তথ্য সত্যিই খুব ভয়াবহ। শহরাঞ্চলে এ হার কম হলেও গ্রামাঞ্চল ও শহরের বস্তি এলাকায় এ হার সবচেয়ে বেশি। এত ছোট মেয়েশিশুর কোলে তাদেরই শিশু দেখে সত্যিই ভয়ে বুকটা কেঁপে উঠল। প্রতিবেদনটিতে ‘স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্টের’ একটি গবেষণার ফল প্রকাশিত হয়েছে, যেখানে বাল্যবিবাহের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে—দারিদ্র্য, অশিক্ষা, অজ্ঞতা, সচেতনতার অভাব, প্রচলিত প্রথা ও কুসংস্কার, সামাজিক অস্থিরতা, সামাজিক চাপ, মেয়েশিশুর প্রতি নেতিবাচক মনোভাব, নিরাপত্তার অভাব ইত্যাদি। এই বাল্যবিবাহ নিয়ে সরকারি-বেসরকারি নানা প্রতিষ্ঠান কাজ করলেও এটি তেমন ফলপ্রসূ হচ্ছে না। আসলে বিচ্ছিন্নভাবে কোনো প্রতিষ্ঠানের পক্ষেই এটি নির্মূল করা সম্ভব নয়। কেননা এর মূল সমাজের অনেক গভীর পর্যন্ত বিস্তৃত। এর জন্য প্রয়োজন সব জায়গায় পরিবর্তন।বিশেষ করে প্রত্যন্ত গ্রামাঞ্চলে। প্রয়োজন মেয়েদের শিক্ষা, সচেতনতা, মেয়েশিশুর প্রতি অভিভাবকদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন, সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন, বাল্যবিবাহ-সংক্রান্ত নতুন আইন প্রণয়ন এবং তার সঠিক বাস্তবায়ন, গণমাধ্যমে বাল্যবিবাহের কুফল সম্পর্কে প্রচার ও জনগণকে সচেতন করা, সর্বোপরি একে একটি সামাজিক আন্দোলন হিসেবে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া।আসুন, প্রতিরোধ করি বাল্যবিবাহ। যে যার অবস্থানে থেকে এ বিষয়টি নিয়ে কাজ করি, ফিরিয়ে দিই এই মেয়েশিশুদের স্বভাবসুলভ উচ্ছলতা, তাদের একজন স্বাধীন-সক্ষম মানুষ হিসেবে বেঁচে থাকার অধিকার, নিশ্চিত করি তাদের শারীরিক ও মানসিক সুস্থতা।সাবিনা, ঢাকা।