একবার এক স্কুলবালক একুশের বইমেলা থেকে নিউরনে অনুরণন নামের একটি বই কিনে আনে। সে ঠিকমতো জানতও না এটি কিসের বই। যে জাফর ইকবাল স্যার ওই বালকের কাছে একজন আইডল, সেই জাফর ইকবাল স্যারের নাম দেখেই সে ওই বইটি কেনে। সেই বইয়ের গাণিতিক সমস্যা সমাধান হয় আর আনন্দের ঝিলিক খেলে যায় সেই বালকের নিউরনে। সেই বালকটি হলাম আমি আর যে নিউরনে অনুরণনের আনন্দ পেয়েছিলাম গণিত থেকে, তা আজও আছে অটুট। তখন থেকেই আমার গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ, গণিত ক্যাম্প কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততার শুরু।স্কুলে থাকার সময় দুটি সময়ের জন্য সারা বছর অধীর আগ্রহে অপেক্ষা করতাম। একটা ছিল ‘অমর একুশে বইমেলা’। নতুন নতুন বইয়ের প্রতি তখন ছিল দুর্নিবার আকর্ষণ। আর জাফর ইকবাল স্যারের সায়েন্স ফিকশন পড়া নিয়ে ছিল এক ধরনের সীমাহীন উত্তেজনা। আর একটি ছিল ‘গণিত উৎসব’। গণিত উৎসবে অংশ নেওয়ার জন্য অন্য একরকমের আকর্ষণ কাজ করত। গাণিতিক সমস্যা সমাধানে যে সীমাহীন আনন্দ, তা ভাষায় প্রকাশ করা যায় না। আর সে আনন্দের জন্যই হয়তো সারা বছর অপেক্ষা করতাম গণিতের প্রতিযোগিতায় অংশ নেওয়ার। একবার এক অনুষ্ঠানে আমি জাফর ইকবাল স্যারের অটোগ্রাফ নিয়ে আসি। সেটা বাসায় বড় বোনদের দেখাই আর দিগ্বিজয়ের হাসি দিই।প্রথম যেবার গণিত ক্যাম্পে যাই, তখন কী যে টেনশন। ক্যাম্পে গিয়ে কত নতুন নতুন অভিজ্ঞতা হয়। জাফর ইকবাল স্যার, কায়কোবাদ স্যার, মুনির স্যার, জামিলুর রেজা স্যার আরও কত বড় বড় মানুষকে দেখতাম আর বুকে পেতাম এক ধরনের সীমাহীন অনুপ্রেরণা। নিজের অজান্তেই তখন এই বিশ্বাসটা খুব প্রকট হয়ে ওঠে যে ‘আমরাও পারি’, নিজের মধ্যে এই বিশ্বাসটা জাগ্রত হওয়াটা কম গুরুত্বপূর্ণ নয়। গণিত ক্যাম্পে সারা বাংলাদেশের অগুনতি ছেলেমেয়ের মধ্য থেকে বাছাই করা ৩০-৪০ জনকে নিয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। সারা দেশের মেধাবী ছেলেমেয়েরা সুযোগ পায় এই ক্যাম্পে। আজও ক্যাম্পের কথা মনে হলে, সেই ক্যাম্পে অংশ নেওয়ার সময় আমারই চারপাশে আমার সমবয়সী মেধাবী মুখগুলোর মাঝে নিজেকে যখন আবিষ্কার করি, তখন মনের মধ্যে এক নির্মল আনন্দবোধ হয়। আর ক্যাম্পে গিয়ে কত নতুন নতুন বন্ধু তৈরি হয়! তাদের সঙ্গে চলে কোনো না কোনো গাণিতিক সমস্যা নিয়ে তর্ক-বিতর্ক। নতুন নতুন সমাধানের পদ্ধতি নিয়ে আলোচনা। নাফিজ, তানভীর, ডিকো, সামির, তুলিব, রাহাত আরও কত বন্ধুর সঙ্গে কত হাসি-কৌতুক, কত খুনসুটি! ইস! আবার যদি ফিরে যাওয়া যেত সেই গণিত ক্যাম্পে। সৌমেন দাসশিক্ষার্থী, টোকিও বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ গণিত দলের সাবেক সদস্য।