ফিরে এল আটলান্টিস, শেষ হলো শাটল যুগ
নাসার নভোখেয়া আটলান্টিস তার শেষ অভিযানে অংশ নিয়ে গতকাল বৃহস্পতিবার পৃথিবীতে ফিরে এসেছে। এর মধ্য দিয়ে নাসার প্রায় তিন দশকের নভোখেয়া বা শাটলভিত্তিক মহাকাশ অভিযানের ইতি ঘটল। সমাপ্তি ঘটল একটি অধ্যায়ের।এ ধরনের অভিযানের জন্য মার্কিন মহাকাশ গবেষণা সংস্থাকে এখন থেকে রাশিয়ার সয়ুজ নভোখেয়া বা বেসরকারি প্রতিষ্ঠানের নতুন যানের ওপর নির্ভর করতে হবে।ফ্লোরিডার স্থানীয় সময় ভোর পাঁচটা ৫৬ মিনিটে চারজন নভোচারীকে নিয়ে কেনেডি স্পেস সেন্টারে নিরাপদে অবতরণ করে আটলান্টিস। ইতি ঘটে যুক্তরাষ্ট্রের শাটলভিত্তিক মহাকাশ অভিযানের। বিশ্বে এখন একমাত্র দেশ হিসেবে রাশিয়ার নভোখেয়া চালু রইল।অভিযান নিয়ন্ত্রক একজন বিশ্লেষক বলেন, সফল এক অভিযান শেষে আটলান্টিস পৃথিবীতে ফিরে এসেছে। এটা ইতিহাসের বিশেষ এক মুহূর্ত হয়ে থাকবে। শাটল কমান্ডার ক্রিস ফার্গুসন বলেন, আজ দারুণ আবেগের একটি দিন। ৩০ বছরের বেশি সময় চলার পর আজ শাটলভিত্তিক অভিযানের যুগ শেষ হলো। এটি ইতিহাসে স্থান করে নিয়েছে। তিনি আরও বলেন, এ যুগের সমাপ্তি মানে যুক্তরাষ্ট্র মহাকাশ গবেষণা বা অনুসন্ধান বন্ধ করে দেবে, তা নয়।ভোরের পরিষ্কার আকাশ ও চমৎকার আবহাওয়া মিলে দারুণ পরিবেশে নিরাপদে পৃথিবীতে অবতরণ করে আটলান্টিস। অবতরণের আগে আগে নভোচারীরা ‘সৃষ্টিকর্তা যুক্তরাষ্ট্রের সহায় হোন’ গেয়েছিলেন।শেষ অভিযানে আটলান্টিস ৮ জুলাই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) এক বছরের জন্য খাবারসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে যায়। চার নভোচারীকে নিয়ে ১৩ দিনের ওই অভিযান শেষে ফিরে আসে পৃথিবীতে।একাধিকবার অভিযানে অংশ নিতে পারে বিশ্বের প্রথম এমন পাঁচটি নভোখেয়ার একটি আটলান্টিস। অন্য চারটি হলো: চ্যালেঞ্জার, কলাম্বিয়া, ডিসকভারি ও এনডেভার। এগুলোর সবই নাসার অধীনে পরিচালিত হয়। ১৯৮১ সালের ১২ এপ্রিল কলাম্বিয়ার অভিযানের মধ্য দিয়ে শাটল যুগের সূচনা হয়। এসব অভিযানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন নির্মাণ, হাবল টেলিস্কোপ স্থাপনসহ গুরুত্বপূর্ণ অনেক কাজ করা হয়।নভোখেয়ার ইতিহাসে ট্র্যাজেডিও আছে। কলম্বিয়া ২০০৩ সালে বিস্ফোরিত হয়। দুর্ঘটনায় ১৯৮৬ সালে ধ্বংস হয় চ্যালেঞ্জার। এতে মোট ১৪ জন নভোচারী নিহত হন। ডিসকভারি ও এনডেভার চলতি বছরের শুরুর দিকে তাদের শেষ অভিযানে অংশ নেয়।নভোযান আটলান্টিসকে প্রদর্শনীর জন্য ফ্লোরিডার কেনেডি ভিজিটর কমপ্লেক্সে রাখা হতে পারে। ডিসকভারিকে ভার্জিনিয়ার উডভার-হাজি জাদুঘরে এবং এনডেভারকে লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া বিজ্ঞান কেন্দ্রে রাখা হতে পারে। শাটলভিত্তিক অভিযানের সমাপ্তি হলেও বিকল্প ব্যবস্থা না করায় নাসার সমালোচনা হচ্ছে। সংস্থাটিকে এখন এ ধরনের মহাকাশ অভিযানের জন্য বেসরকারি কোম্পানিগুলোর ওপর নির্ভর করতে হবে। এর বাস্তবায়নেও তিন থেকে চার বছর সময় লেগে যেতে পারে। আর এই অন্তর্বর্তীকালীন সময়ে আইএসএসে যাতায়াতের জন্য রাশিয়ার মহাকাশ যান সয়ুজের ওপর নির্ভর করতে হবে নাসাকে। যুক্তরাষ্ট্রের শাটলভিত্তিক মহাকাশ অভিযানের সমাপ্তি আরও একটি কারণে আবেগের বিষয়। অভিযানের সমাপ্তির সঙ্গে সঙ্গে প্রায় তিন হাজার কর্মী চাকরি হারাবেন। পরে হারাবেন আরও কয়েক হাজার। মহাকাশ কর্মসূচিকে ঘিরে গড়ে ওঠা পর্যটনশিল্পও হুমকির মুখে পড়বে। ক্ষতিগ্রস্ত হতে পারে শাটল কর্মসূচির কেন্দ্র টেক্সাস, ফ্লোরিডা ও লুইজিয়ানার সংশ্লিষ্ট এলাকাগুলোর অর্থনীতি। নাসার প্রধান চার্লস বোল্ডেন বলেন, শাটল যুগ শেষ হলেও নাসা দারুণ ব্যস্ত। তিনি জানান, ২০২৫ সালে গ্রহাণু এবং ২০৩০ সালে মঙ্গলে অভিযান চালাবে নাসা। এ জন্য তাদের অনেক কাজ করতে হবে। এএফপি, বিবিসি, রয়টার্স।