প্রাণচাঞ্চল্যে উদ্দীপ্ত সেই চিরচেনা পরিবেশ আবার ফিরে এসেছে বাংলা একাডেমীর প্রাঙ্গণে। টিএসসি থেকে দোয়েল চত্বর অবধি ছড়িয়ে পড়েছে তার স্পন্দন। বই নিয়ে বাঙালির অনন্য উৎসব অমর একুশের গ্রন্থমেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে গতকাল মঙ্গলবার ফেব্রুয়ারির প্রথম দিনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার সঙ্গে ‘জাতীয় সাহিত্য ও লেখক জাদুঘর’-এরও উদ্বোধন করেন। এবার গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠান বিশেষ তাৎপর্য লাভ করেছিল নোবেল বিজয়ী বিশ্বখ্যাত বাঙালি অর্থনীতিবিদ অমর্ত্য সেনের উপস্থিতিতে। তিনি ছিলেন অনুষ্ঠানের সম্মানিত অতিথি। অমর একুশের গ্রন্থমেলায় একটি আন্তর্জাতিক আবহ সৃষ্টি করার উদ্যোগ নিয়েছে একাডেমী। তারই প্রারম্ভিক পর্যায়ের উদ্যোগ হিসেবে এই বরেণ্য বাঙালিকে এবার সম্মানিত অতিথি করে আনা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে।অপরাহ্নে রবিরশ্মির শিল্পীদের গাওয়া জাতীয় সংগীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর তাঁরা পরিবেশন করেন একুশের গান। সূর্যের কিরণ তখন ম্লান হয়ে আসছিল। শিল্পীরা গেয়ে চলেছেন ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি...’ সেই বিষণ্ন সুর মলিন রোদের কিরণে, মৃদু হাওয়ায় ভেসে ভেসে সমবেত মানুষের প্রাণে প্রাণে ছাড়িয়ে দিচ্ছিল এক অনির্বচনীয় বেদনা-বিহ্বলতা। ফিরিয়ে আনছিল একুশের স্মৃতি। জাগিয়ে তুলেছিল আপন সংস্কৃতির আয়নায় নিজের প্রতিকৃতি দেখে নেওয়ার প্রেরণা।উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমীর সভাপতি অধ্যাপক কবীর চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ ও সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। স্বাগত বক্তব্য দেন একাডেমীর মহাপরিচলক শামসুজ্জামান খান। ইশারা ভাষায় তাঁদের বক্তব্য তুলে ধরেন মনোয়ার হোসেন ও শিরিন আক্তার। সঞ্চালনা করেন একাডেমীর পরিচালক ও মেলা কমিটির সদস্য-সচিব শাহিদা খাতুন।জাদুঘরবর্ধমান হাউজের নিচের তলায় চারটি কক্ষ নিয়ে করা হয়েছে জাতীয় সাহিত্য ও লেখক জাদুঘর। জাদুঘর-বিশেষজ্ঞ ফিরোজ মাহমুদের তত্ত্বাবধানে এটি তৈরি করা হয়েছে। একাডেমীর মহাপরিচালক জানালেন, বিশ্বের অন্যান্য দেশে তাদের কোনো নির্দিষ্ট লেখকের ওপর জাদুঘর আছে। শুধু বাল্টিমোর ছাড়া পৃথিবীর কোথাও এমন জাতীয় লেখক ও সাহিত্যবিষয়ক জাদুঘর নেই। এই জাদুঘরে বাংলা ভাষা ও সাহিত্যের ক্রমবিকাশের ইতিহাস ও নিদর্শন রাখা হবে। লেখকদের প্রতিকৃতি ও তাঁদের সম্পর্কে বিস্তারিত তথ্য থাকবে। জাদুঘরে এলে যে-কেউই আমাদের ভাষা ও সাহিত্য সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। জাদুঘরটি ক্রমান্বয়ে সমৃদ্ধ হয়ে উঠবে। আজ মেলার দ্বিতীয় দিন থেকে দর্শকদের জন্য জাদুঘরটি খুলে দেওয়া হবে।বই সাজানোর পালাপ্রধানমন্ত্রী মেলা প্রাঙ্গণ ত্যাগ করার পর গ্রন্থানুরাগীদের জন্য দ্বার খুলে দেওয়া হয়। তখন বেলা ডুবে নেমেছে অন্ধকার। অধিকাংশ দোকানেই তখন বই সাজানোর তোড়জোড়। রিকশা-ভ্যানে করে আসছিল নতুন বইয়ের গাঁট। বিক্রয়কর্মীরা ব্যতিব্যস্ত ছিলেন বইগুলো স্টলের দেয়ালের র্যাকে ও সামনে সাজিয়ে রাখতে। কয়েকটি দোকানে হাতুড়ি-পেরেক ঠোকাঠুকি করে অভ্যন্তরীণ সাজসজ্জার কাজও করতে দেখা গেল। এবার পুকুরপাড়ে নতুন ভবনটির সামনের অংশ খুলে দেওয়া হয়েছে বলে প্রাঙ্গণের জায়গা গত বছরের চেয়ে কিছুটা বেড়েছে। এত্তা জঞ্জাল!‘ছি ছি এত্তা জঞ্জাল!’ আলীবাবা নাটকের এই গানের মতো অবস্থা ছিল প্রথম দিন মেলা চত্বরে। বাঁশ-কাঠের অজস্র টুকরো, পেরেক, রঙের খালি কৌটা, রাশি রাশি ছেঁড়া কাগজের জঞ্জালে মাঠভর্তি। প্রথম দিনে মাঠে পানিও ছিটানো হয়নি। ফলে লোকসমাগম শুরু হতেই নিমেষে মাঠ ধুলোয় ধূসর। তবে একাডেমীর জনসংযোগ উপপরিচালক মুর্শিদুদ্দিন আহম্মদ জানালেন, দ্বিতীয় দিন থেকেই এসব জঞ্জাল সাফসুতরো করে, প্রচুর পানি ছিটিয়ে মেলার মাঠ পরিচ্ছন্ন করা হবে। প্রথম দিনে তথ্যকেন্দ্রটিও চালু হয়নি। আজ বুধবার থেকে এটি চালুু হবে এবং নতুন বইয়ের খবরাখবর প্রচার করা হবে। প্রথম দিনের লোকেরা ক্রেতা হয় না‘আমাদের এখানে মেলার প্রথম দিনের লোকেরা ক্রেতা হয় না। তাঁরা মূলত আসেন ঘুরে দেখতে। বিক্রি হয় খুবই কম। উপস্থিতিও কম থাকে। তবে এ বছর প্রথম দিনে লোকসমাগম বিপুল।’ বলছিলেন সময় প্রকাশনীর স্বত্বাধিকারী ফরিদ আহমেদ। মেলা নিয়ে তিনি খুবই আশাবাদী। যদিও এবার মেলার শুরুর দিন থেকেই এসএসসি পরীক্ষা শুরু হওয়া এবং মাঝখানে বিশ্বকাপ ক্রিকেট থাকায় তার কিছুটা প্রভাব এর ওপর পড়বে বলে তিনি ভাবছেন। তা সত্ত্বেও সামগ্রিকভাবে বিক্রি ভালো হবে বলে আশা করছেন। গত তিন বছরে অন্যান্য পণ্যের দাম বাড়লেও বইয়ের দাম বাড়েনি। এ হিসেবে বইয়ের দাম কমেছে। এবার মেলায় রাজনীতিবিদ বিনোদ দাশ গুপ্তর স্মৃতিচারণামূলক গ্রন্থ রাজনীতি ও কারাগারসহ বেশ কয়েকটি বই আসছে সময় প্রকাশনীতে।প্রথম দিনের বই প্রথম দিনে বেচাকেনা একেবারে হয়নি, তা নয়। প্রথমা প্রকাশনীতে মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস প্রডিজি বিক্রি হয়েছে যথেষ্ট। আরও এসেছে ভূঁইয়া ইকবালের প্রবন্ধের বই রবীন্দ্রনাথ ও মুসলমান সমাজ, সৈয়দ আবুল মকসুদের মুক্তিযুদ্ধবিষয়ক অরণ্য বেতার (স্বাধীন বাংলা বেতার কর্মীদের প্রথম জবাবন্দি), কর্নেল শওকত আলীর সত্য মামলা আগরতলা, মুহাম্মদ হাবিবুর রহমান সম্পাদিত নির্বাচিত চীনা কবিতা, কামরুল হাসানের বাংলাদেশের শিল্প আন্দোলন ও আমার কথা এবং নকশার রান্নাবিষয়ক তিনটিসহ ১৩টি বই। অন্যপ্রকাশে এসেছে জনপ্রিয় ঔপন্যাসিক হুমায়ূন আহমেদের দুটি বই—আত্মজৈবনিক ফাউন্টেনপেন ও রহস্যরচনা ম্যাজিক মুনশি। এ দুটি বইও ভালো বিক্রি হয়েছে। ইত্যাদি প্রকাশনী থেকে এসেছে সেলিনা হোসেনের উপন্যাস যমুনা নদীর মুশায়ারা। সিঁড়ি প্রকাশনী থেকে এসেছে রফিকুর রশীদের উপন্যাস দারুচিনি দ্বীপের ভেতর এবং শরিফুল ইসলাম ভূঁইয়ার শিশু-কিশোর গল্প তিতলির কানচোর, তপন গাঙ্গুলির প্রবন্ধ বিভূতি ভূষণের উপন্যাসে জীবন ঘনিষ্ঠতা। সবে শুরু হলো মেলা। বই আসছে, পাঠক-লেখকেরাও আসবেন। এ মেলা প্রাণের; প্রাণের টান কে এড়াতে পেরেছে কবে।