ফিরে এল না স্বজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গত সোমবার গুলিতে নিহত হয় মাহফুজুল (১৬)। আর সিরাজগঞ্জের সদর উপজেলার চণ্ডীদাস গ্রামের রুহুল আমিন (১৬) নিহত হয় ২৮ ফেব্রুয়ারি। দুজনই স্কুলছাত্র। এর মধ্যে মাহফুজুল ছিল ছাত্রশিবিরের কর্মী। পরিবারের লোকজন তাকে শিবির না করার জন্য বুঝিয়েছিল। সে কথা দিয়েছিল, এই পথ থেকে ফিরে আসবে। কিন্তু, তার আগেই না ফেরার দেশে চলে গেছে সে।আর সিলেটে গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক ছিলেন ছাত্রলীগের সাবেক নেতা জগৎজ্যোতি তালুকদার। তিনি স্বপ্ন দেখতেন জনপ্রতিনিধি হওয়ার। গত শনিবার রাতের বেলা তাঁকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।ফেরা হলো না মাহফুজুলের: উল্লাপাড়া উপজেলার ফলিয়া গ্রামের আবদুল আজিজের ছেলে মাহফুজুল। ফলিয়া উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীতে পড়ত সে। গতকাল তার বাড়িতে যাওয়ার পথে প্রথমে নজরে পড়ে মাহফুজুলের কবর। কবরের পাশে দাঁড়িয়ে দোয়া পড়ছে তার সহপাঠীরা। বাড়িতে ঢুকে দেখা গেল রান্নাঘরের সামনে শুইয়ে রাখা হয়েছে মাহফুজুলের মা ময়না বেগমকে। মাথায় পানি ঢালছে আত্মীয়স্বজন। ভেতরে ঢুকে সাংবাদিক পরিচয় দিতেই উঠে বসলেন ময়না বেগম। ময়না বেগম জানান, ওই দিন ভোরে ঘুম থেকে ওঠার পর মাহফুজুল নামাজ পড়ে প্রাইভেট পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। বলেছিল, প্রাইভেট পড়া শেষ করে বাড়িতে এসে মাঠে ধান লাগাবে। ধানের চারাও তুলে রাখা হয়েছে। এরপর সে আর ফিরে আসেনি।একপর্যায়ে গলা ধরে আসে ময়না বেগমের। তিনি বলেন, ‘আমার সবচেয়ে আদরের ছেলে ছিল মাহফুজুল। কতই না ওজর-আপত্তি করত। গরিব হলেও তার অনেক চাওয়া-পাওয়া পূরণ করেছি।’ততক্ষণে সেখানে এসে জড়ো হয়েছেন মাহফুজুলের বাবা আবদুল আজিজ, বড় ভাই আবদুল মতিন।মতিন বলেন, ‘জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে মাহফুজুলের সখ্য তৈরি হয়েছিল। বিষয়টি জানার পর তাকে অনেকবার বলেছি। কথা দিয়েছিল, এই পথ থেকে সে ফিরে আসবে।’ মাহফুজুলের সহপাঠীদের মধ্যে নাজমুল হুদা ও মিতু আক্তার জানায়, ষষ্ঠ শ্রেণীতে থাকতেই শিবিরের সঙ্গে যোগ দেয় মাহফুজুল। পরে সে শিবিরের ‘সাথি’ হয়। সহপাঠীরা তাঁকে অনেকবার বলেছে শিবির ছাড়ার জন্য। কিন্তু সে শোনেনি।রুহুলের বাড়িতে মাতম: গত ২৮ ফেব্রুয়ারি সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের চণ্ডীদাসগাতি গ্রামের কাছে জামায়াত-শিবিরের অবরোধের সময় গুলিতে নিহত হয় রুহুল আমিন (১৬)। ওই গ্রামের আবদুল জলিলের ছেলে রুহুল। সে পাশের গ্রামের ধুকুরিয়া বহুমুখী উচ্চবিদ্যালয়ে কারিগরি শাখায় পড়ত।গতকাল রুহুলের বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির উঠানে বসে প্রলাপ করছেন মা আমিনা বেগম। সাংবাদিক পরিচয় দিয়ে কথা বলতে চাইলে তিনি বলেন, ‘আপনারা কী জন্য আইছেন? আমার ছেলেরে কি ফিরাইয়া দিতে পারবেন? কী অন্যায় করছিল আমার ছেলে?’ এটুকু বলেই তিনি সংজ্ঞা হারিয়ে ফেলেন।এ সময় উপস্থিত গ্রামবাসী ও রুহুলের চাচাতো ভাই আবদুর রহিম জানান, ঘটনার দিন সকালে বাড়ির পাশে মাঠে ঘাস তুলতে যায় রুহুল। এ সময় বেলা ১১টার দিকে তাদের বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে মাঠের মধ্যে অবরোধকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিবিনিময় হয়। ঘাসের বস্তা বাড়িতে রেখে সে দৌড়ে রাস্তায় যায়। এ সময় তার বাঁ পাঁজরে গুলি লাগে। খবর পেয়ে বাড়ির লোকজন ছুটে যায় সেখানে। ততক্ষণে তাকে পুলিশ নিয়ে একটি ভ্যান গাড়িতে তুলে ফেলে। পুলিশের কাছ থেকে নিয়ে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে রুহুল মারা যায়।রুহুলের বাবা আবদুল জলিল বলেন, ‘সে সব সময় বলত, আমি লেখাপড়া শিখে বড় চাকরি করব। তখন আর আমাদের সংসারে কোনো অভাব থাকবে না। আমার ছেলে কোনো রাজনীতির সঙ্গে জড়িত না। গুলির শব্দ শুনে গিয়ে সে নিজেই গুলির শিকার হলো।’‘রাজনীতি করিস, একটু সাবধানে চলাফেরা করিস’: গত শনিবার রাতে সিলেট নগরের আখালিয়া এলাকায় কুপিয়ে হত্যা করা হয় সিলেটে গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক ও ছাত্রলীগের সাবেক নেতা জগৎজ্যোতি তালুকদারকে। গতকাল বিকেলে আখালিয়া নয়াবাজার এলাকায় জগৎজ্যোতির বাসায় গিয়ে দেখা যায়, পরিবারের সব সদস্যই শোক-স্তম্ভিত। তিন ভাই, তিন বোনের পরিবারে সবার ছোট ছিলেন জগৎজ্যোতি। এ সময় তাঁর বড় ভাই সচিত্র তালুকদার ছোট ভাইয়ের সঙ্গে শেষ কথার বর্ণনা দিয়ে বলেন, ‘ঘটনার দিন বিকেলে ঘর থেকে বের হওয়ার সময় আমি ওকে বলেছি, রাজনীতি করিস, একটু সাবধানে চলাচল করিস। কিন্তু ও বলেছিল, “আমার কোনো শত্রু নাই! আমারে মারব কে?”’দুই ভাইয়ের মধ্যে ছিল সেটাই শেষ কথা। ওই দিন রাত সাড়ে ১০টার দিকে পরিবারের লোকজন খবর পায়, জগৎজ্যোতিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।পরিবারের সদস্যরা জানান, সিলেট মদনমোহন কলেজের প্রাক্তন ছাত্র জগৎজ্যোতি। ছাত্রজীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন। কলেজ ছাত্রলীগের সভাপতি শেষে কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্যও হন। স্নাতকোত্তর পড়াশোনা শেষ করে শিক্ষা ভিসায় বিদেশেও গিয়েছিলেন। দেশে ফিরে ২০১০ সালের ১০ মার্চ বিয়ে করে সংসারী হন। মা-বাবা নেই, জগৎজ্যোতি তাই বড় ভাই-ভাবিকে বাবা-মায়ের মতোই দেখতেন। সিলেটে গণজাগরণ মঞ্চকে নিয়ে এতই তাঁর উদ্দীপনা ছিল যে, স্ত্রী ও পরিবারের সদস্যদের সেখানে নিয়ে যেতেন। জাতীয় পতাকার ব্যান্ড পরিয়ে দিতেন তাদের মাথায়। জগৎজ্যোতির ভাবি স্কুলশিক্ষিকা রানী দাশ বলেন, ‘আমার বিয়ের সময় কোলের শিশু ছিল জগৎজ্যোতি। সন্তানের মতোই তাকে দেখতাম। রাজনীতি নিয়ে তার ব্যস্ততায় আমরা কোনো বাধা না দিলেও যখন খারাপ পরিস্থিতি যেত, বোঝাতাম। কিন্তু কোনো বুঝ সে মানত না।’ভাই সচিত্র তালুকদার বলেন, ‘তার রাজনৈতিক আদর্শ আমরাও লালন করি। এ জন্য কোনো বাধা দেয়নি। শুধু সতর্ক থাকতে বলতাম। সে জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন দেখত। গত সিটি করপোরেশন নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গিয়েছিল সে। আর তার জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন হেরে গেল দুর্বৃত্তদের আঘাতে।’