ফিরে এল বাংলাদেশ
দ্বিতীয় দিন শেষেজিম্বাবুয়ে ১ম ইনিংস: ৩৭০বাংলাদেশ ১ম ইনিংস: ১০৭/৩টেস্ট ম্যাচ যদি যুদ্ধ হয়, প্রতিটি সেশন একেকটি খণ্ড লড়াই। কাগজে-কলমে হিসাব থাকে না, তবে প্রতিটি সেশন শেষেই দুই দল মনে মনে ভেবে দেখে, ‘সেশনটা জিতলাম না হারলাম!’টেস্টের প্রথম দিন বাংলাদেশ তিন সেশনেই পরাজিত। দ্বিতীয় দিন কি তিন সেশনেই জিতল? দ্বিতীয় সেশনটা বোধ হয় ড্র। জিম্বাবুয়ে ৪৪ রান যোগ করতে হারিয়েছে শেষ ৪ উইকেট। বাংলাদেশ ব্যাটিং শুরু করে দুই ওপেনারকে হারিয়ে তুলল ৩৮ রান।প্রথম সেশন অবশ্যই বাংলাদেশের। তৃতীয় সেশনটাও। তবে দিনের খেলার শেষ ১০ মিনিট ব্যবধানটাকে কমিয়ে দিল। সব উইকেটই সমান, তবে দিনের শেষ লগ্নে হারানো উইকেটে আক্ষেপটা একটু বেশি থাকে। আহা রে, দিনটা যদি কাটিয়ে দেওয়া যেত!সেই আফসোস আরও বেশি হয়, যদি আউটটা শাহরিয়ার নাফীসের মতো হয়! বাঁ হাতি স্পিনার প্রাইসকে সুইপ করতে গিয়েছিলেন। কীভাবে কীভাবে বলটা তাঁর শরীরে লেগে গড়িয়ে গেল উইকেটের দিকে। স্কোরকার্ডে লেখা থাকবে—বোল্ড। যাঁরা দেখেছেন, তাঁরাই শুধু বুঝবেন, এই বোল্ডে কত ভেজাল!মাত্রই হাফ সেঞ্চুরি হয়েছিল শাহরিয়ারের। ১২৬ বলে ৫০। তবে এই ৫০-এর ৩৬-ই বাউন্ডারি থেকে। আদর্শ টেস্ট ব্যাটিংয়ের উদাহরণ। ঝুঁকি কম নাও, তবে মারার বল পেলে ছেড়ো না। আইসিএল ক্যারিয়ারের বড় একটা সময় কেড়ে নিয়েছে। গত বছর ভারতের বিপক্ষে টেস্টে ফিরেছিলেন। এক টেস্টে খারাপ করার পরই আবার বাদ পড়ে যান। কালকের এই হাফ সেঞ্চুরি শাহরিয়ার নাফীসের ফেরার সদর্প ঘোষণা। যদিও শেষ পর্যন্ত বড় অমন একটা আউটের দুঃখই।তবে শাহরিয়ার এই ভেবে একটু সান্ত্বনা পেতে পারেন, ভাগ্য মুখ ফিরিয়ে নেওয়ার আগে তাঁকে দিয়েছেও কম নয়। ১২ রানেই আউট হতে পারতেন। জার্ভিসের বলে স্লিপে মায়োয়ো ক্যাচ ফেলেছেন। ৩৬ রানে রান আউট হননি, সেটিও তো সৌভাগ্যই।৬৬ রানের তৃতীয় উইকেটজুটিতে নাফীসের সঙ্গী মোহাম্মদ আশরাফুল দিনশেষে ৩৪ রানে অপরাজিত। তাঁর জন্যও তো এটি ফেরাই। সিডন্স-যুগে ব্যাটিংই ভুলে গিয়েছিলেন। স্টুয়ার্ট ল তাঁর জন্য আশীর্বাদ হয়ে এসেছেন কি না, সেটি জানতে আরেকটু অপেক্ষা করতে হবে। শুরুটা অবশ্য ভালোই হলো। কাইল জার্ভিসকে হুক করে যে চারটা মারলেন, সেটি মনে করিয়ে দিল পুরোনো আশরাফুলকে। যখন তাঁকে শর্ট বল করতে বোলাররা ভয় পেত।শেষ সেশনে ৩৪ ওভারে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের ৬৯ রান। সব মিলিয়ে দ্বিতীয় দিনটিতে অনেকটাই ধূসর প্রথম দিনের হতাশা। নাফীস-আশরাফুলের জুটিটির আগে অবশ্য সেটি আরও বাড়ার শঙ্কাই জেগেছিল। ৩৬ রানেই দুই ওপেনার নেই। তামিম-ইমরুল দুজনই স্লিপে ক্যাচ। দুজনই ব্রায়ান ভিটরির বলে।বাঁ হাতি পেস বোলারের এই টেস্টেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। হারারে থেকে তিন শ কিলোমিটার দূরের ছোট্ট শহর মাসভিঙ্গো থেকে উত্থান। যে মাসভিঙ্গোর কোনো ক্রিকেট ঐতিহ্য নেই। সেটি বিখ্যাত ‘গ্রেট জিম্বাবুয়ে রুইস’-এর জন্য। জিম্বাবুয়েতে প্রথম মনুষ্যবসতি নাকি সেখানেই। দারুণ আমুদে ছেলে এবং নিজের সামর্থ্যের ওপর বিস্ময়কর রকম আত্মবিশ্বাসীও। ওয়াসিম আকরাম আদর্শ। মোহাম্মদ আমিরকেও খুব ভালো লাগত। ওই দুজনের মতো হওয়ার স্বপ্ন চোখে তরুণ নিজের বোলিংয়ে শক্তির দিক বলতে গিয়ে অবলীলায় বলে দেন, ‘আমি তো সবই পারি। পেস আছে, বল ভেতরে আনতে পারি, বাইরে নিতে পারি।’পরশু হারারের উইকেটের চরিত্র দেখে অবশ্য একটু দমেই গিয়েছিলেন। ‘আমি খুব হতাশ, বলতে পারেন শকড’—পরশু রাতে বলছিলেন হোটেলে দেখা হওয়ার পর। সেই ‘মরা’ উইকেটেও অবশ্য বল তুললেন। বাংলাদেশের ব্যাটিং লাইনআপে বাঁ হাতিদের ভিড় জেনেই কি না, ঘোষণা করেছিলেন বাঁ হাতিদের বল করতে খুব পছন্দ করেন। বাংলাদেশের দুই বাঁ হাতি ওপেনারকে তুলে নিয়ে প্রমাণও রাখলেন তার।বোলারদের নিয়ে কথা বললে অবশ্য কাল বাংলাদেশের বোলাররা অনেক বেশি নম্বর পাবেন। প্রথম দিনের ভুল থেকে শিক্ষা নিয়ে কাল অনেক বেশি শৃঙ্খলা তাঁদের বোলিংয়ে। ব্যাটসম্যানদের অনেক বেশি খেলতে বাধ্য করলেন। সেটির ফলও পেলেন।ব্যাটিংয়ের আদি গুরু ডব্লু জি গ্রেস সেই কবেই বলে গেছেন, ‘সোজা বল যত বাজেই হোক, সেটি কখনো হেলাফেলায় মারতে যেয়ো না।’ সাকিব আল হাসান কথাটা শুনেছেন কি না ঘোরতর সন্দেহ, তবে প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে বোলারদের কাছ থেকে এটাই চেয়েছিলেন, ‘আমি চাই কাল ওরা উইকেট টু উইকেট বল করুক।’সবচেয়ে বেশি করলেন রবিউল ইসলাম। সেটিও টানা ১২ ওভার। সকালে ১২ ওভারে ৩৮ রান দিয়ে ৩ উইকেট। সাকিবও বল হাতে আগের সাকিব হয়ে ওঠার পথে এগোলেন। প্রথম দিন ১৮ ওভারে উইকেট ছিল না। কাল ৮ ওভারে ৩ উইকেট।সাড়ে চার শর স্বপ্ন দেখা জিম্বাবুয়ে তাই ৩৭০ রানেই অলআউট। সেটিও মাত্র ৬৬ রানে শেষ ৮ উইকেট হারিয়ে। এর মধ্যে হ্যামিল্টন মাসাকাদজার সেঞ্চুরি হলো। ১০ বছর পর আবার টেস্ট সেঞ্চুরি। জিম্বাবুয়ের পক্ষে সবচেয়ে কম বয়সে ফার্স্ট ক্লাস সেঞ্চুরির রেকর্ড তাঁর। প্রথম কৃষ্ণাঙ্গ ব্যাটসম্যান হিসেবেও ফার্স্ট ক্লাস সেঞ্চুরি। মাসাকাদজার আউট দিয়েই অবশ্য জিম্বাবুয়ের পতনের শুরু।প্রথম দিনের হতাশার কারণেই দ্বিতীয় দিনটি এমন স্বস্তির। তবে এখনো অনেক পথ বাকি। বাংলাদেশ তো এখনো ২৬৩ রান পিছিয়ে। মাসাকাদজার সেঞ্চুরি আশরাফুলকে অনুপ্রাণিত করলেই হয়। টেস্ট অভিষেকে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড করেছিলেন মাসাকাদজার রেকর্ড ভেঙেই। এখানেও তাঁকে ছাপিয়ে যেতে পারলেই প্রায় নিশ্চিত প্রথম ইনিংসে বাংলাদেশের লিড।