গত দুই বছর ছিল খাটোদের দাপট। সেই হাওয়া পাল্টেছে এবার। লম্বাদের দিন ফিরেছে। সময়ের সঙ্গে সঙ্গে পোশাক-আশাকের ধরন-ধারণ পাল্টায়। পালাবদলের দোলাচলে এবারের ঈদে ফিরে এসেছে সেই লম্বা পাঞ্জাবির চল।ঈদের বাজারে বিভিন্ন বুটিকের শোরুম এবং খুচরা বিক্রয়ের দোকানগুলোতে খোঁজ নিয়ে জানা গেল, খাটো ঝুলের পাঞ্জাবির কদর ফুরিয়েছে। কলার, বুক ও কাঁধের নানা রকমের কারুকাজ নিয়ে আবার ফিরে এসেছে লম্বা ঝুলের ধ্রুপদি পাঞ্জাবি। তবে অন্য সব পোশাকের মতো পাঞ্জাবির দামও গত বছরের চেয়ে বেড়েছে। নিম্ন আয়ের মানুষ গত বছর গুলিস্তান, পুরানা পল্টন, মালিবাগসহ বিভিন্ন এলাকার ফুটপাত থেকে সর্বনিম্ন ১৮০ থেকে ২০০ টাকায় যে ঈদের পাঞ্জাবি কিনেছে, এবার তা ২৫০ থেকে ৩০০ টাকা। আর অভিজাত দোকানের ঈদের বিশেষ পাঞ্জাবির দামের কোনো মাত্রা নেই। একেক প্রতিষ্ঠানে একেক রকম, ১০০০ থেকে ২৫০০০ টাকা পর্যন্ত। কোথাও তারও বেশি।পাঞ্জাবির সঙ্গে পাঞ্জাবের কোনো সম্পর্ক নেই, বরং পাঞ্জাবে এর নাম ‘বাঙালি কুর্তা’। গবেষকদের ধারণা, পোশাকটি এখানে প্রবর্তন করেছিলেন মুসলিম শাসকেরা। কারণ, ইন্দো-মুসলিম আমলের আগে সেলাই করা পোশাক পরার রীতি বাঙালি-সমাজে ছিল না। গোলাম মুরশিদ তাঁর হাজার বছরের বাঙালি সংস্কৃতি বইতে এ তথ্য দিয়েছেন। তাঁর মতে, ওই সময় লম্বা ঝুলের একরকমের কুর্তার চলন ছিল। পরে এই লম্বা কুর্তায় কিছু পরিবর্তন এনে এই পাঞ্জাবির প্রবর্তন। পোশাকটি শুধু মুসলিমদের মধ্যেই নয়, হিন্দু-মুসলিমনির্বিশেষে সব বাঙালির মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছিল। এমনকি ব্রিটিশ যুগ শুরুর পর নবাবি আমলের অনেক পোশাকের চল উঠে গেলেও পাঞ্জাবি তার জনপ্রিয়তা হারায়নি, বরং উত্তরোত্তর বেড়েছে। পুরুষের পাশাপাশি নারীরাও একে অঙ্গে ধারণ করছে। পোশাকটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষার অন্ত নেই। খাটো ঝুল, লম্বা ঝুল—এসব তো আছেই; নকশা, অলংকরণ নিয়েও গবেষণা চলছে নিরন্তর। ঈদ-পূজা থেকে শুরু করে বিয়েশাদি অবধি পাঞ্জাবিই বাঙালি পুরুষের প্রধান পছন্দ।আড়ংয়ের পাঞ্জাবির খ্যাতি সবিশেষ। এবারে ঈদে আড়ংয়ের পাঞ্জাবিতে ‘বাক্স ডিজাইন’ নামের একটি নতুন নকশা সংযোজিত হয়েছে। বোতামসংলগ্ন অংশটিতে চৌকোনা আকৃতির সূচিকর্মখচিত এই নান্দনিক নকশা। এ ছাড়া বরাবরের মতোই সূচিকর্ম, ব্লক, কারচুপি—এসবের কারুকাজ তো আছেই। মগবাজার শাখার বিক্রয় প্রতিনিধি ফয়সল জানালেন, সুতি পাঞ্জাবির দাম ৬০০ থেকে ৩৫০০ টাকা পর্যন্ত। অ্যান্ডি, সিল্ক—এসবের দাম ১৮০০ থেকে ৭৫০০ টাকা পর্যন্ত। শেরওয়ানির দাম ২৫০০০ টাকা পর্যন্ত। ফতুয়ার দাম ৪০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত। বেইলি রোডের বেইলি স্টার সুপার মার্কেটে লুবনানের পাঞ্জাবির শোরুমের ব্যবস্থাপক জিসান শেখ জানালেন, তাঁদের এখানে জয়শ্রী সুতির পাঞ্জাবি রয়েছে ৪৫০০ থেকে ৭৫০০ টাকা, গিঁট কাজের পাঞ্জাবি ২৪০০ থেকে ২৬০০, আদি ফেব্রিকসের পাঞ্জাবি ২২০০ থেকে ৫৮০০ টাকা। এ ছাড়া সিল্ক ও সুতিমিশ্রিত কাপড়ের পাঞ্জাবি ২২৫০ থেকে ৪৫৫০ টাকা। এখানে বেনারসি সিল্ক, জুট কটন ও কাতান ফেব্রিকসের পাঞ্জাবি রয়েছে সর্বোচ্চ ১২৫৫০ টাকা পর্যন্ত।দেশি ফ্যাশন হাউসের মধ্যে দেশালের সুতি পাঞ্জাবি ৫০০ থেকে ৮০০ টাকা, অঞ্জন’স-এর সুতি পাঞ্জাবি ৯৫০ থেকে ১৩০০ টাকা, সিল্ক ইত্যাদি ১৫০০ থেকে ৩০০০ টাকা। সাদাকালোর পাঞ্জাবি ৫৫০ থেকে ৫৫০০ টাকা পর্যন্ত। কে ক্র্যাফটের সুতি পাঞ্জাবি ৭৫০ থেকে ১৫০০ টাকা, সিল্ক অ্যান্ডি এসব ৮৫০ থেকে ৬০০০ টাকা। এলিফ্যান্ট রোডের লংলার ব্যবস্থাপক মো. জুয়েল জানালেন, তাঁদের পাঞ্জাবির দাম সুতি ১০০০ থেকে ২৫৫০ টাকা, সিল্ক প্রভৃতি ২০৫০ থেকে ৫০৫০ টাকা পর্যন্ত।পাঞ্জাবির সবচেয়ে বড় খুচরা বাজার মালিবাগের আয়েশা শপিং কমপ্লেক্স। পাঁচ শ-এর মতো দোকান এখানে। গ্রামীণ আড়ংয়ের বিক্রেতা লুৎফর রহমান জানালেন, সুতার দাম বাড়ায় এবার পাঞ্জাবির দাম বেশি। তাই বিক্রিও গতবারের চেয়ে কম। এখানে সর্বনিম্ন পাঞ্জাবির দাম ৫০০ টাকা। গত বছর এগুলো বিক্রি হয়েছে ৩০০ টাকায়। সর্বোচ্চ ৫০০০ টাকা দামের পাঞ্জাবিও রয়েছে, তবে ৫০০ থেকে ১২০০ টাকার পাঞ্জাবিই বেশি চলছে। পাঞ্জাবির অন্য দুটি বড় খুচরা বিক্রির মার্কেট সায়েন্স ল্যাবরেটরি মোড়ের এলিফ্যান্ট রোড ও গুলিস্তানের পীর ইয়ামেনি মার্কেট। এখানে দেড় শর মতো দোকান। এখানে সানজানা ফ্যাশনের আবুল কালাম জানালেন, এবার ঈদে বিক্রি মন্দা। একে তো দাম বাড়তি, তার ওপর প্রকৃতির বৈরিতা। এই দ্বিবিধ চক্রে পড়ে পাঞ্জাবির খুচরা বাজার তেমন জমে ওঠেনি। বিক্রেতারা অবশ্য আশায় আছেন, আকাশের কালো মেঘের মতো বাজারের মন্দাও কেটে যাবে অচিরেই।