ফিরে ফিরে আসছে আট বছর আগের মুলতান
মুলতান টেস্টের কথা কি মনে আছে? রফিক ভাই একটা রানআউট মিস করেছিলেন। আর ইনজামামের একটা এলবিডব্লু আম্পায়ার দেননি। খুব কষ্ট পেয়েছিলাম, এটা মনে আছে। আর মনে আছে একটা গ্রেট ইনিংস।একই প্রশ্নে প্রথম উত্তরটা সাকিব আল হাসানের। দ্বিতীয়টা তামিম ইকবালের। দুজনই মাথা চুলকে-টুলকে বললেন, ‘তখন বোধহয় ক্লাস সেভেন-এইটে পড়ি।’টেস্টের তৃতীয় দিন শেষে ২৬১ রান তাড়া করতে নেমে পাকিস্তান ৬ উইকেটে ১৪৮—তামিম বন্ধুবান্ধবকে বলে রেখেছিলেন, নাচার জন্য রেডি থাক। কাল বাংলাদেশ প্রথম টেস্ট জিতবে।’তা যে আর হয়নি, এটা আপনি জানেন। নাচানাচি যা করার পাকিস্তানিরাই করেছিল। তামিম যে গ্রেট ইনিংসের কথা বললেন, সেটি ইনজামামের অপরাজিত ১৩৮। ১ উইকেটে দলকে জিতিয়ে ফেরার সময় ফুলের পাপড়ি ছিটিয়ে বরণ করে নেওয়া হয়েছিল তাঁকে। বিশ্বকাপে যাচ্ছেতাই খেলে বাদ পড়েছিলেন। বাংলাদেশের বিপক্ষে সিরিজটিতেও বাজছিল ক্যারিয়ারের মৃত্যুঘণ্টা। ওই ইনিংসটি সেটিকে তো থামিয়ে দেয়ই, কদিনের মধ্যে ইনজামামকে উল্টো পাকিস্তানের অধিনায়কও বানিয়ে দেয়।আট বছর আগের সেই টেস্টের এত দীর্ঘ স্মৃতিচারণা যদি অবাক করে থাকে, তাহলে বুঝতে হবে, সেই মুলতানের পর আজই যে প্রথম আবার টেস্ট ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান, এটা আপনার মনে নেই। বাংলাদেশের ক্রিকেটারদেরও বেশির ভাগেরই মনে ছিল না। সাকিব-তামিমের মতো দলের প্রায় সবাই তো তখন কৈশোরে।মোহাম্মদ আশরাফুলও তখন মাত্রই কৈশোর পেরিয়েছেন। তবে মুলতানের প্রতিটি দিন, প্রতিটি উইকেট, হয়তো প্রতিটি রানও তাঁর মনে আছে! মুলতান টেস্টের বাংলাদেশ দলের এই একজনই যে আছেন এখানেও।পাকিস্তান দলে সংখ্যাটা তিন। সংবাদ সম্মেলনে ইউনুস খান জানালেন, মুলতান তাঁর ভালোই মনে আছে। মোহাম্মদ হাফিজেরও তা-ই। তৃতীয় জন, উমর গুলকে মনে করিয়ে দিতেই হাসি, ‘হামারা বেস্ট ইনিংস থা!’‘বেস্ট ইনিংস’-এ গুল কত করেছিলেন, জানেন? মাত্র ৫ রান! রানটা ব্যাপার নয়, ৯৯ মিনিট উইকেটে থেকে ৫০ বল খেলেই কাজের কাজটা করে দিয়েছিলেন গুল। অষ্টম উইকেট যখন পড়ে, পাকিস্তানের প্রয়োজন আরও ৫৬ রান। এরপর ইনজামামের সঙ্গে গুলের ৫২ রানের জুটিই ওই বিখ্যাত ছবিটির জন্মরহস্য—রুমাল দিয়ে চোখ মুছতে মুছতে মাঠ ছাড়ছেন অধিনায়ক খালেদ মাহমুদ।কিন্তু সাকিব যে মোহাম্মদ রফিকের রানআউট মিস করার কথা বললেন, সেটি কোনটি? একবার বল হাতে নেওয়ার আগেই উইকেট ভেঙে গুলকে রানআউট করতে পারেননি। আরেকবার যা করেছিলেন, ১৯৮৭ বিশ্বকাপে একই কাজ করে খেলোয়াড়োচিত আচরণের জন্য ওয়েস্ট ইন্ডিজের কোর্টলি ওয়ালশ সোনার পদক পেয়েছিলেন। নন-স্ট্রাইকিং প্রান্তে থাকা গুল অনেকটা এগিয়ে গেলেও রফিক তাঁকে রানআউট না করে সতর্ক করে দেন। রফিককে কেউ সোনার পদক দেয়নি, বরং দেশের অনেক মানুষ গালমন্দই করেছিল। তবে ওই কাজটা করেই ‘প্লেয়ার’ থেকে ‘ক্রিকেটার’-এ উত্তরণ ঘটে মোহাম্মদ রফিকের। পুরস্কার বিতরণীর ওই অসহ্য আনুষ্ঠানিকতার মধ্যে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা বাঁহাতি স্পিনারের গলায় ঠিকই অদৃশ্য একটা সোনার পদক ঠিকই ঝুলছিল!মোহাম্মদ রফিক অবসর নিয়েছেন প্রায় সাড়ে তিন বছর। তবে তাঁর অভাবটা সেভাবে অনুভূতই হয়নি। কারণ সাকিব আল হাসান। ব্যাটে-বলে দক্ষতার বাইরেও আরেকটি দারুণ গুণ আছে। সেটি তাঁর সহজাত দর্শন—‘ভালো-মন্দ যাহাই আসুক, সত্যেরে লও সহজে।’ কাল অনুশীলন শেষে কথা বলতে গিয়ে এটির ব্যতিক্রম খুঁজে পাওয়া গেল। তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানকে ১৭৭ রানে আটকে রেখেই জিততে না পারাটা দুই দিন পরও মেনে নিতে পারছিলেন না সাকিব। যার আরেক নাম হতে পারে আত্মবিশ্বাস, সেটিতে চিড় ধরার প্রমাণও কি পাওয়া গেল!হারারেতে চৌদ্দ মাস পর টেস্ট খেলতে নামার আগেও ‘তিনটি সেঞ্চুরি চাই’ বলার সাহস পেয়েছিলেন। আর এখানে সাকিবের সর্বোচ্চ আশাটা কি জানেন? দুই ইনিংস মিলিয়ে ছয় শ রান! বলে নিজেই আবার যোগ করলেন, ‘ডিফিকাল্ট। ভেরি ডিফিকাল্ট।’ক্রিকেটে আত্মবিশ্বাস খুব ঠুনকো জিনিস। টানা দু-তিনটি ম্যাচ খারাপ গেলেই সেটি ভেঙে চৌচির হয়ে যায়। বাংলাদেশ দলের এখন সেই সময়টাই যাচ্ছে। জিম্বাবুয়ের বিপক্ষে যে এক টেস্টে তিনটি সেঞ্চুরি চেয়েছিলেন, সেটি হয়তো এখন সাকিবের নিজের কাছেই ‘দিবাস্বপ্ন’ মনে হচ্ছে!তখন কিন্তু চাওয়াটা একদমই অবাস্তব লাগেনি। বাংলাদেশের ব্যাটসম্যানদের কাছে সেঞ্চুরি ‘না চাহিতে যারে পাওয়া যায়’ পর্যায়ে নেমে না আসলেও ‘একটু চাহিতেই পাওয়া যায়’ তো হয়ে গিয়েছিলই। হারারের আগে ১১ টেস্টে সেঞ্চুরি ছিল ৯টি। সঙ্গে ছিল চারটি ৯৬-ও, যার দুটি আবার অপরাজিত। অথচ জিম্বাবুয়ের পর ওয়েস্ট ইন্ডিজ—গত তিন টেস্টে কোনো সেঞ্চুরি নেই।জয়-পরাজয় নিয়ে ভাবার অবস্থাও নেই। বরং চট্টগ্রাম টেস্ট কদিন আয়ু পাবে, এই প্রশ্নটাই সাগরিকার স্টেডিয়ামে কাল সবচেয়ে আলোচিত হয়ে থাকল। ইউনুস খানকেও প্রশ্নটা করে বসলেন এক সাংবাদিক। ইউনুস ক্রিকেটের চিরন্তন কিছু বাণী আওড়াতে আওড়াতে খুব হাসলেন। টেস্ট পাঁচ দিন যাবে কি না—এই সংশয়ের মূল কারণ তো অবশ্যই বিন্দুমাত্র আস্থা জাগাতে না-পারা বাংলাদেশের ব্যাটিং। সঙ্গে পাকিস্তানের বোলিং আক্রমণ। পেস বোলিং বরাবরই পাকিস্তানের বড় শক্তি। তবে ইদানীং স্পিনটা হয়ে উঠেছে আরও ধারালো। সাঈদ আজমল-আবদুর রেহমানের সঙ্গে মোহাম্মদ হাফিজ—উইকেট যদি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টের মতো হয়, তাহলে সাকিব-সানি তাঁদের সঙ্গে কতটা পাল্লা টানতে পারবেন সংশয় আছে।সবকিছুর পর মোদ্দা কথা একটাই, রান করতে হবে। পাকিস্তানকে চাপে ফেলতে হলে কমপক্ষে তিন শ রান চাই। সাকিবের কথামতো ‘দুই ইনিংস মিলিয়ে ছয় শ’। মোহাম্মদ আশরাফুলের প্রত্যাবর্তন বা নিজের শহরে নাজিমউদ্দিনের টেস্ট অভিষেক কি এই ‘ভেরি ডিফিকাল্ট’ কাজটা সম্ভব বলে প্রমাণ করতে পারবে?দেখা যাক!