ফিরে ফিরে আসছে সেই ম্যাচ
গল্পটা সবচেয়ে ভালো বলতে পারবেন শিবনারায়ণ চন্দরপল। ১৯৯৬ বিশ্বকাপের ১১ মার্চের ম্যাচটির একমাত্র সাক্ষী তো এখন তিনিই। কী হয়েছিল সেদিন? একের পর এক দাপুটে জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে আসা দক্ষিণ আফ্রিকাকে বিদায় করে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ!বিশ্বকাপে এই দুই দল মুখোমুখি হলে ওই ম্যাচের প্রসঙ্গ উঠবেই। এবারও উঠেছে। আজ দিল্লিতে নিজেদের প্রথম ম্যাচ খেলতে যখন নামে ওয়েস্ট ইন্ডিজ আর দক্ষিণ আফ্রিকা, ফ্ল্যাশব্যাকে অনেকেই ছুটে যাচ্ছেন ’৯৬ বিশ্বকাপে, করাচির সেই ম্যাচটায়।সেবার দক্ষিণ আফ্রিকা আসলেই দুর্দান্ত খেলেছিল। যেন ১৯৯২ বিশ্বকাপের হতাশা মুছে ফেলার চোয়ালবদ্ধ পণ করে এসেছিল প্রোটিয়ারা। কোয়ার্টার ফাইনালে উঠে আসা আট দলের মধ্যে কেবল তারাই কোনো ম্যাচ হারেনি। চন্দরপলের ম্যাচটি আরও ভালো করে মনে থাকার কথা এ কারণে, তিনি নিজে ওপেনিংয়ে নেমে ফিফটি করেছিলেন। যদিও সেদিন আসলে সব চুরি করে নিয়েছিলেন ব্রায়ান লারা।৯৪ বলে ১১১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন এই বাঁহাতি। একটি ছক্কাও ছিল না, কিন্তু ছিল ১৬টি চার। লারার অন্যতম স্মরণীয় এক ইনিংসে ৮ উইকেটে ২৬৪ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। ২৪৫ রানে অলআউট হয়ে দক্ষিণ আফ্রিকা ম্যাচ হেরেছিল ১৯ রানে।এরপর বিশ্বকাপে আরও দুবার মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ। ২০০৩ বিশ্বকাপে আবারও লারার সেঞ্চুরি। ৩ রানে ম্যাচ হেরে গেল বিশ্বকাপের স্বাগতিকেরা। যে পরাজয় ভূমিকা রাখল দক্ষিণ আফ্রিকার প্রথম রাউন্ড থেকে বিদায়ে। গত বিশ্বকাপে অবশ্য বদলা নিয়েছে প্রোটিয়ারা। ১৯৯২ বিশ্বকাপেও জিতেছিল বলে চার ম্যাচে দুদল জিতেছে দুটি করে। সমতা!কিন্তু প্রেরণার উপাদান যদি আবশ্যক হয়ে দাঁড়ায়, হাত বাড়ালে সেটির নাগাল আগে পাবে ওয়েস্ট ইন্ডিজই। দক্ষিণ আফ্রিকাকে পেলেই তাই যেন গা ঝাড়া দিয়ে ওঠে মুকুট হারানো সম্রাটরা। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপেও যেমন ক্রিস গেইল ঝড় তুলেছিলেন। প্রথম ব্যাটসম্যান হিসেবে ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে করেছেন সেঞ্চুরির রেকর্ড।এবারও তাই আলোচনা চলছে। যদিও ডোয়াইন ব্রাভো হেসেই উড়িয়ে দিতে চাইলেন। দলের সহঅধিনায়কের দাবি, অতীতের পারফরম্যান্সের সঙ্গে নতুন বিশ্বকাপের কোনো সম্পর্কই নেই, ‘এটা নতুন একটা টুর্নামেন্ট। এখানে হিসাব-নিকাশও একেবারেই নতুন।’তা হয়তো সত্যি। যেমন সত্যি, ১৯৯৬ বিশ্বকাপের সেই ম্যাচের পর ৩২০টি ম্যাচ খেলে ১৬৯টিতেই হেরেয়ে ওয়েস্ট ইন্ডিজ। অর্ধেকেরও বেশি ম্যাচে পরাজয়। হেরেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ছয়টি ওয়ানডে সিরিজেও। কিন্তু এও তো সত্যি, বড় মঞ্চে বেশ কবারই দক্ষিণ আফ্রিকাকে হোঁচট খাইয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ২০০৪ চ্যাম্পিয়নস ট্রফি জেতার পথে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল তারা। ২০০৬ চ্যাম্পিয়নও ট্রফিতেও সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে বিদায় করে করে দিয়েছিল গেইলের সেঞ্চুরি। এই তথ্য ভালোই জানা আছে রিচি রিচার্ডসনের। ১৯৯৬ বিশ্বকাপের অধিনায়ক, বর্তমান দলের ম্যানেজার তাই বলছেন, ‘আমরা ওদের সব সময়ই হারিয়েছি। এবারও হারালে সেটিকে অন্তত অঘটন তাই বলা যাবে না।’ ওয়েবসাইট।