ফিরেছেন ৩৬ লিবিয়া প্রবাসী, আজ আরও তিনটি ফ্লাইট
লিবিয়া থেকে আজ বুধবার ভোরে আরও ৩৬ জন প্রবাসী বাংলাদেশি দেশে ফিরেছেন। ভোরে গালফ এয়ারের একটি ফ্লাইটে করে তাঁরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। পরে বিমানবন্দরে প্রবাসীকল্যাণ ডেস্কের সহায়তায় তাঁরা যাঁর যাঁর বাড়িতে রওনা হন। প্রবাসীকল্যাণ ডেস্কের কর্মকর্তা মাহফুজুল হক জানান, ভোরে লিবিয়া প্রবাসী ৩৬ জন বাংলাদেশি ফেরত এসেছেন। নিজ নিজ কোম্পানি তাঁদের ফেরত পাঠিয়েছে। আজ আরও তিনটি ফ্লাইটে লিবিয়া প্রবাসী কয়েক শ বাংলাদেশি দেশে ফিরবেন। বিমানবন্দরে পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস সাংবাদিকদের জানান, লিবিয়া প্রবাসী বাংলাদেশিদের নিয়ে আজ সকাল ১০টা ও সোয়া ১০টায় দুটি ফ্লাইট দেশে আসার কথা ছিল। তবে ফ্লাইট দুটি এখনো এসে পৌঁছায়নি। শারজা থেকে ফ্লাইট দুটি ছাড়তে দেরি হচ্ছে বলে পররাষ্ট্রসচিব জানান। বিকেল তিনটার দিকে ফ্লাইট দুটি বাংলাদেশে এসে পৌঁছাবে বলে তাঁর কাছে খবর রয়েছে।আজকের সবগুলো ফ্লাইট যদি আসে তাহলে ৭০০ মতো বাংলাদেশি লিবিয়া থেকে দেশে ফিরবেন। প্রসঙ্গত, গত সোমবার ১০১ জন লিবিয়া প্রবাসী দেশে ফিরেছেন। গতকাল মঙ্গলবার ফিরেছেন ১১ জন। আজ সকালে লিবিয়া থেকে বাংলাদেশে এসেছেন আরও ৩৬ জন।