ফিলিপাইনে আঘাত হেনেছে টাইফুন মেগি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিপাইনের উত্তরাঞ্চলে আজ সোমবার সকালে শক্তিশালী টাইফুন মেগি আঘাত হেনেছে। এর ফলে দেশটিতে প্রবল বৃষ্টিপাতসহ ঘণ্টায় ২২৫ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইছে। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে খাদ্য ও ওষুধের পর্যাপ্ত মজুত রাখতে এবং সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। অনেক এলাকারই স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। গত চার বছরের মধ্যে মেগিই হচ্ছে ফিলিপাইনের সবচেয়ে শক্তিশালী ঝড়। আবহাওয়াবিদেরা মেগিকে খুবই শক্তিশালী টাইফুন বলে চিহ্নিত করেছেন। তবে ফিলিপাইনের উত্তরাঞ্চল অতিক্রম করার সময় এটি কিছুটা দুর্বল হয়ে পড়বে। ফিলিপাইনের উত্তরাঞ্চলের কাগাইয়ান ও ইসাবেলা প্রদেশে সর্বোচ্চ সতর্কাবস্থা জারি হয়েছে।প্রবল বৃষ্টি ও ঝড়ের কারণে ফিলিপাইনের উঁচু ভবন, বিদ্যুত্ব্যবস্থা ও কৃষি ক্ষেত্রে ক্ষতিকর প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। সরকারি আবহাওয়াবিদেরা মনে করছেন, পূর্ব উপকূলে ঢেউগুলো ১৪ মিটার উঁচু হয়ে গেছে। সমুদ্রভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে। উপকূলের নিরাপত্তাকর্মীরা মাছধরা জাহাজগুলোকে সাগর থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন। সেনাবাহিনীর হাজার হাজার সদস্য ত্রাণকাজের জন্য প্রস্তুত রয়েছেন। দুর্যোগবিষয়ক ঊর্ধ্বতন কর্মকর্তা বেনিতো রামোস বলেন, ত্রাণকাজের জন্য ট্রাক ও উদ্ধারকারী নৌকাগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। প্রসঙ্গত, ২০০৬ সালে ফিলিপাইনে ঝড় আঘাত হানে। ওই ঝড়ে ঘণ্টায় ১৫৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হয়। প্রায় এক হাজার লোকের প্রাণহানি হয়। এর পরও বেশ কয়েকটি মৌসুমি ঝড় ফিলিপাইনে আঘাত হানে। সাধারণত পাঁচ মাত্রার টাইফুনগুলোকে শক্তিশালী হিসেবে ধরা হয়। বিবিসি।