ফিলিপাইনে ঘূর্ণিঝড় ‘নিসাত’ আঘাত হেনেছে, নিহত ৭
ফিলিপাইনে আজ মঙ্গলবার শক্তিশালী ঘূর্ণিঝড় নিসাত আঘাত হেনেছে। এতে এক শিশুসহ সাত জন নিহত ও চার জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। তবে নিহত ব্যক্তির সংখ্যা বাড়তে পারে। রাজধানী ম্যানিলার রাস্তা পানিতে ডুবে গেছে এবং বাসাবাড়িতে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সরকারি অফিস ও সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্ধ হয়ে গেছে ফিলিপিন স্টক এক্সচেঞ্জ।বিবিসি জানিয়েছে, ঝড়টি ঘণ্টায় সর্বোচ্চ ১৭০ কিলোমিটার গতিতে প্রবাহিত হচ্ছে। এখন এটি ফিলিপাইনের অর্ধেকেরও বেশি জনসংখ্যা অধ্যুষিত লুজন দ্বীপ অতিক্রম করছে। অনেক রাস্তাঘাট পানিতে ডুবে গেছে। স্থানীয় গণমাধ্যমে জনগণকে অপ্রয়োজনীয় কাজে বাইরে বের না হওয়ার অনুরোধ করা হচ্ছে।ক্যাটানডুয়ানিস প্রদেশে নদীতে ডুবে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মাছ ধরার নৌকা থেকে অর্ধ শতাধিক জেলেকে উদ্ধার করা হয়েছে। তবে চারজন নিখোঁজ রয়েছেন।ঘূর্ণিঝড়ের কারণে কর্তৃপক্ষ মধ্য-আলবেনি প্রদেশ থেকে লক্ষাধিক লোককে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন। মনে করা হচ্ছে, ঘূর্ণিঝড়টি পুরো ফিলিপাইন অতিক্রম করতে পারে।প্রাদেশিক গভর্নর জো সালসিডা বলেন, ‘আমরা ঘূর্ণিঝড় নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু এর ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।’ ফিলিপাইনে প্রায়ই ঘূর্ণিঝড় হলেও এ বছরের মধ্যে এটিই সবচেয়ে বড় ঘূর্ণিঝড়।