ফিলিপাইনে জাতীয় দুর্যোগ ঘোষণা, মৃতের সংখ্যা বেড়ে ৯৫৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিপাইনে ঘূর্ণিঝড় ওয়াশির প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৯৫৭ জনে দাঁড়িয়েছে। ব্যাপক প্রাণহানির ঘটনায় আজ মঙ্গলবার জাতীয় দুর্যোগকালীন জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকুইনো। ফিলিপাইনের জাতীয় দুর্যোগ সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত শনিবারের ওই দুর্যোগে এ পর্যন্ত ৯৫৭ জন নিহত এবং ৪৯ জন নিখোঁজ হয়েছে। গৃহহীন হয়েছে হাজার হাজার মানুষ। এদের অধিকাংশই ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে প্রায় ৮০০ কিলোমিটার দূরে দক্ষিণাঞ্চলের দুটি নগর কাগায়ান দ্য ওরো ও ইলিগানের বাসিন্দা। প্রেসিডেন্ট অ্যাকুইনো এই দুই শহরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি বলেন, দুর্যোগকবলিত এলাকা থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়াই প্রথম কাজ। প্রেসিডেন্টের মুখপাত্র রিকি কেরানডানগ জানান, জাতীয় দুর্যোগ ঘোষণা করায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য বড় আকারে তহবিল গঠন সম্ভব হবে। জাতীয় দুর্যোগ সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, এ দুর্যোগে দেশটির ১৩টি প্রদেশের তিন লাখ ৩৮ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এদের মধ্যে প্রায় ৪৩ হাজার মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আছে। ওই দুর্যোগে ১০ হাজারের বেশি বাড়িঘর এবং অনেক বিদ্যালয়, রাস্তা ও সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাজ্য-ভিত্তিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের এক কর্মকর্তা বলেছেন, আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষের ভিড়। একটু আশ্রয়ের জন্য তারা মারামারি করছে। কেন্দ্রগুলোতে তিল ধারণেরও জায়গা নেই। এত বিপুল সংখ্যক মানুষকে সামলানো কঠিন হয়ে পড়ছে। এ ছাড়া দেখা দিচ্ছে পানি ও খাদ্যের সংকট।