ফিলিপাইনে জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ শুরু
ফিলিপাইনে আজ সোমবার সকাল থেকে জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল সাতটায় ভোট নেওয়া শুরু হয়, চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। দেশটির পাঁচ কোটিরও বেশি ভোটার এ নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং স্থানীয় ও জাতীয় পর্যায়ে প্রায় ১৮ হাজার জনপ্রতিনিধিকে নির্বাচিত করবেন। আশা করা হচ্ছে, স্বয়ংক্রিয় ভোটদান পদ্ধতি ঠিকভাবে কাজ করবে এবং এর ফলে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে অতীতে যেসব সহিংসতার সৃষ্টি হতো এবার তা এড়ানো সম্ভব হবে।এবারের নির্বাচনে প্রেসিডেন্ট পদে নয়জন এবং ভাইস প্রেসিডেন্ট পদে আটজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রেসিডেন্ট পদে যাঁরা প্রার্থী হয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন ফিলিপাইনে গণতন্ত্রের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সাবেক প্রেসিডেন্ট কোরাজন অ্যাকুইনোর ছেলে লিবারেল পার্টির সিনেটর বেনিগনো নয়নয় অ্যাকুইনো, ন্যাশনালিস্ট পার্টির ম্যানুয়েল ভিলার ও সাবেক প্রেসিডেন্ট জোসেফ এস্ত্রাদা। নির্বাচন নিয়ে সাম্প্রতিক সময়ে পরিচালিত প্রধান দুটি জরিপে দেখা গেছে, বেনিগনো তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এস্ত্রাদার চেয়ে জনপ্রিয়তায় অন্তত ২০ ভাগ এগিয়ে আছেন। মায়ের মৃত্যুর পর গত আগস্টে বেনিগনো নয়নয় অ্যাকুইনো নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা দেন। দুর্নীতির বিরুদ্ধে লড়াই ও দারিদ্র্য নিরসনের প্রত্যয় ব্যক্ত করে এরই মধ্যে তিনি দারুণ জনপ্রিয়তা অর্জন করেছেন।পরপর দুই মেয়াদে প্রেসিডেন্ট থাকায় ফিলিপাইনের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট পদের জন্য আর লড়তে পারেননি বর্তমান প্রেসিডেন্ট গ্লোরিয়া ম্যাকাপাগাল অ্যারোইয়ো। প্রেসিডেন্ট পদে লড়তে না পারলেও নির্বাচন থেকে দূরে নেই তিনি। কংগ্রেসের নিম্নকক্ষের একটি আসনের জন্য লড়াইয়ের ময়দানে নেমেছেন এই বর্তমান প্রেসিডেন্ট। নিম্নকক্ষের একটি আসনে নির্বাচিত হওয়ার জন্য ভোটারদের ভোটের অপেক্ষায় আছেন সাবেক ফার্স্বলেডি ইমেলদা মার্কোসও। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য দেশজুড়ে ৮০ হাজার ভোট গণনা মেশিন বসানো হয়েছে। বিদ্যুতের সমস্যার কারণে ভোট গণনায় ব্যাঘাত হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ ছাড়া কমিউনিস্ট ও মুসলিম গেরিলারা নির্বাচনে ব্যাঘাত ঘটাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।—রয়টার্স