ফিলিপাইনে ঝড়ে ৪৪০ জনের মৃত্যু (ভিডিও)
ফিলিপাইনে আজ শনিবার সামুদ্রিক ঝড় ‘ওয়াশি’র আঘাত ও জলোচ্ছ্বাসে ৪৪০ জনের বেশি লোকের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে প্রায় ২০০ জন। ঝড়ের প্রভাবে প্রবল বর্ষণ দেখা দেওয়ায় পানির তোড়ে ভেসে যায় বহু মানুষ। আজ সরকারি কর্মকর্তা ও ত্রাণকর্মীরা এ কথা জানান।কর্মকর্তারা জানান, ঝড়ে দেশটির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ মিন্দানাওয়ের কাগায়ান দ্য ওরো’র ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। কাগায়ানে নিহত হয়েছে ২১৫ জন। এর পার্শ্ববর্তী ইলিগান শহরে মৃতের সংখ্যা ১৪৪। দেশটির জাতীয় রেডক্রসের মহাসচিব গয়েন পাং এ তথ্য জানান। তিনি বলেন, নিহতদের মধ্যে বেশির ভাগই শিশু। এদিকে মিন্দানাওয়ের পূর্ব অংশে প্রবল বর্ষনে ভূমিধসে কমপক্ষে আরও পাঁচজন মারা গেছে। প্রায় ১০ হাজার মানুষ নিরাপদ উঁচু এলাকায় আশ্রয় নিয়েছে।সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল লিওপলদো গ্যালন বলেন, ১০ হাজার সেনার একটি দল কাগায়ান দ্য ওরো এলাকায় উদ্ধার-তত্পরতা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে প্রায় দুই হাজার লোককে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজে ট্রাক, নৌকা ও হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে।নিহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা রয়েছে জানিয়ে গ্যালন বলেন, ‘এটা কীভাবে ঘটল, তা আমি ব্যাখ্যা করতে পারব না। আকস্মিক জলোচ্ছ্বাসে গ্রামগুলো সাগরে রূপ নিয়েছে।’ এর আগে ২০০৯ সালে ফিলিপাইনে ঘূর্ণিঝড় ‘অনডোই’ আঘাত হানলে রাজধানী ম্যানিলাও পানিতে ভেসে যায়। ওই ঝড়ে কয়েক শ মানুষ মারা যায়।আবহাওয়া দপ্তরের সূত্রগুলো জানিয়েছে, উষ্ণমণ্ডলীয় ঝড় ‘ওয়াশি’ শনিবার সকালে ঘণ্টায় ৭৫ থেকে ৯০ কিলোমিটার বেগে মিন্দানাও দ্বীপের ইলিগান শহরের পশ্চিমের দিপোলোগ শহরের কাছ দিয়ে বয়ে গেছে। এটি সুলু সাগরের দিকে ধেয়ে যাচ্ছে। রয়টার্স ও বিবিসি।