ফিলিপাইনে টাইফুন কনসনে মৃতের সংখ্যা ২৩ জনে দাঁড়িয়েছে
আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, ফিলিপাইনে টাইফুন কনসনে নিহত লোকের সংখ্যা বেড়ে ২৩-এ পৌঁছেছে। দেশটির রাষ্ট্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়ের (এনডিসিসি) বরাত দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া এ তথ্য জানায়।এনডিসিসি একটি বিবৃতিতে বলেছে, নিহতদের মধ্যে রয়েছে মধ্য লুজোন অঞ্চলের তিনজন, দক্ষিণ-পশ্চিম লুজোনের ১৭ জন এবং দক্ষিণ-পূর্ব লুজোনের তিনজন। এনডিসিসি আরও জানায়, টাইফুনে ১৪ জন আহত হয় এবং ৫৯ জন এখনো নিখোঁজ রয়েছে।আজ সকাল ৬টা পর্যন্ত প্রাপ্ত উপাত্ত অনুযায়ী, কনসনের আঘাতে ৩৭০টি বাড়ি বিধ্বস্ত ও দুই হাজার ৯০৪টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে দক্ষিণ-পশ্চিম এশীয় এ দেশটির অবকাঠামো ও কৃষি খাতে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে দুই কোটি ২২ লাখ নয় হাজার পেসো বা চার লাখ ৮১ হাজার ৬৩৩ মার্কিন ডলার।গত মঙ্গলবার ফিলিপাইনে আঘাত হানার পর কনসন দুর্বল হয়ে একটি গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে রূপান্তরিত হয়ে এখন চীনের হাইনান ও গুয়াংডং প্রদেশ দুটির দিকে অগ্রসর হচ্ছে।