ফিলিপাইনে দুর্যোগ পরিস্থিতি জারি
ফিলিপাইনের প্রেসিডেন্ট বেনিনো অ্যাকুইনো আজ শনিবার দেশটিতে দুর্যোগ পরিস্থিতি জারি করেছেন। রয়টার্স জানিয়েছে, দেশটির প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ দক্ষিণাঞ্চলে ভয়াবহ ঘূর্ণিঝড়ের তাণ্ডবে এক হাজারেরও বেশি মানুষ নিহত এবং অগণিত মানুষ নিখোঁজ হওয়ার চারদিন পর প্রেসিডেন্ট এ ঘোষণা দিলেন।দুর্যোগ পরিস্থিতির চলাকালে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি হবে না। এ পরিস্থিতিতে স্থানীয় সরকারগুলো নিখোঁজ ব্যক্তিদের সন্ধানের জন্য, ত্রাণ কাজের প্রয়োজনে এবং উদ্ধার তত্পরতায় নিজেদের দুর্যোগ তহবিল থেকে যেকোনো পরিমাণ অর্থ ব্যয় করতে পারবে। দেশটির জাতীয় দুর্যোগ সংস্থা বলছে, ঝড়ে এখন পর্যন্ত ৪৫৯ জন মরা গেছেন। নিখোঁজ রয়েছেন ৫৩২ জন। এসব হতাহতের অধিকাংশই হয়েছে দেশটির মিন্দানাওয়ের কমপোসটেলা ভ্যালি ও দাভাও ওরিয়েন্টাল প্রদেশে।ঘূর্ণিঝড় বোফা ঘণ্টায় ২১০ কিলোমিটার বেগে আঘাত হানার পর মিন্দানাওয়ের সহস্রাধিক লোক বাস্তুচ্যুত হয়। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে দেশটির সরকার গন্ধ-শোঁকা কুকুরের একটি প্রশিক্ষিত দলকে দুর্গত এলাকায় পাঠিয়েছে। ধ্বংসাবশেষ সরাতে ভারী যান চেয়েছে উদ্ধার কর্মীরা। ১৪ বছর বয়সী স্কুলছাত্রী আন্না জয় আদলাওয়ান তার দুই ঘনিষ্ঠ আত্মীয়সহ নিউ বাটান নামের এলাকায় তাদের মা ও অন্যান্য আত্মীয়দের খুঁজে বেড়াচ্ছিল। বার্তা সংস্থটিকে আন্না বলে, ‘আমি জানি না কী করব। সত্যিই বুঝতে পারছি না ওদের কোথায় খুঁজব।’