ফিলিপাইনে নিহতদের গণকবর দেওয়ার সিদ্ধান্ত
ফিলিপাইনে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘ওয়াশি’র প্রভাবে সৃষ্ট ভয়াবহতম জলোচ্ছ্বাসে নিহতের আজ সোমবার গণকবর দেওয়া হবে। লাশের পচন থেকে ছড়িয়ে পড়া স্বাস্থ্য ঝুঁকি কমাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। ফিলিপাইনের জাতীয় রেডক্রসের মহাসচিব গয়েন পাং জানিয়েছেন, ছবি ও শনাক্তকরণ চিহ্নের তালিকাসহ গণকবরের এক মিটার গভীরে মরদেহ দাফন করতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আমি নিশ্চিত নিহতদের পরিবার তাদের খোঁজ করবে।’ইলিগানের মেয়র লরেন্স ক্রুজ রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, ‘আজ আমরা একটি গণকবর খুঁড়ব এবং পচন রোধ করতে সেখানে বেওয়ারিশ লাশগুলোকে দাফন করা হবে।’ ইলিগান থেকে প্রায় ৫০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। পশ্চিমা একটি গণমাধ্যম জানায়, রেডক্রস এখন পর্যন্ত ৬৫২ জনের মৃত্যু ও ৯১১ জনের নিখোঁজ থাকার খবরটি নিশ্চিত করেছে। অন্যদিকে ফিলিপাইনের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা বিভাগের নির্বাহী পরিচালক বেনিটো রামোস জানান, দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ৫৩৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে এবং সর্বশেষ সরকারি হিসাবে ২৩৯ জন নিখোঁজ রয়েছে। গত শনিবার ভোরে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ওয়াশির প্রভাবে সৃষ্ট প্রবল জলোচ্ছ্বাসে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের প্রায় সব গ্রাম বিলীন হয়ে গেছে। কাগায়ান দ্য ওরো এবং ইলিগান বন্দর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।টেলিভিশন ফুটেজে দেখা গেছে, দাফনের জন্য লাশগুলোকে সাদা রঙের প্লাস্টিকের ব্যাগের মধ্যে রেখে সারিবদ্ধ করে রাখা হয়েছে।দেশটির আশ্রয়কেন্দ্রগুলোতে এখন ৪৭ হাজারেরও বেশি লোক গাদাগাদি করে অবস্থান করছে।সরকারের পক্ষ থেকে উদ্ধার অভিযান ও ত্রাণ-তত্পরতা অব্যাহত রয়েছে। দেশটির প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকুইনো কাল মঙ্গলবার ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ঘুরে দেখবেন বলে জানা গেছে।এদিকে পোপ ষোড়শ বেনেডিক্ট প্রাকৃতিক দুর্যোগের শিকার এ লোকদের জন্য প্রার্থনা করেছেন।