ফিলিপাইনে বাস দুর্ঘটনায় নিহত ১৫
ফিলিপাইনের কেন্দ্রীয় সেবু প্রদেশে একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত এবং ৪৮ জন গুরুতর আহত হয়েছেন।আজ রোববার পুলিশের বরাত দিয়ে বিবিসি অনলাইন জানিয়েছে, বাসটি একটি কারখানা থেকে শ্রমিকদের নিয়ে তাঁদের বাসার উদ্দেশে যাচ্ছিল। বাসটি দ্রুত গতিতে চলছিল। একপর্যায়ে ব্রেক কাজ না করায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ভিড় করে দাঁড়িয়ে থাকা মানুষের সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে পাশের কনক্রিটের দেয়ালে ধাক্কা লেগে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এতে ঘটনাস্থলেই ১৫ জন বাসযাত্রী নিহত এবং আরও ৪৮ জন আহত হয়েছেন।ফিলিপাইনে বাস দুর্ঘটনা একটি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। গত জুন মাসেই আরেকটি বাস একটি সংকীর্ণ উপত্যকা দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনায় পতিত হলে ২১ জন নিহত হয়েছিলেন।জ্যেষ্ঠ পুলিশ সুপার এরসন দিগাল বলেছেন, সেবু শহর থেকে বাসটি দ্রুতগতিতে প্রদেশের প্রান্তে অবস্থিত ছোট কয়েকটি শহরের দিকে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।