ফিলিপাইনে ভয়াবহ বন্যা, মৃত্যু ১৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিপাইনের রাজধানী ম্যানিলার বন্যা-পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। এতে এখন পর্যন্ত কমপক্ষে ১৬ ব্যক্তি প্রাণ হারিয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে আজ বুধবার বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে এ কথা জানানো হয়।কর্তৃপক্ষ বলছে, মুষলধারে বৃষ্টিতে ম্যানিলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। শহরটির কোনো কোনো এলাকা গলাসমান পানিতে ডুবে গেছে। ৮০ হাজারের বেশি মানুষ জরুরি শিবিরে আশ্রয় নিয়েছে।সেনাবাহিনী ও উদ্ধারকর্মীরা নৌকায় করে পানিবন্দী মানুষের কাছে যাচ্ছেন। তবে পানিতে আটকে পড়া অনেকে লুটপাটের ভয়ে তাদের বাড়ি ছাড়তে অস্বীকৃতি জানিয়েছে। ডুবে যাওয়া এলাকার অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে।দেশটির জাতীয় দুর্যোগ সংস্থা বন্যা-পরিস্থিতিকে ‘পানির বিশ্ব’ বলে অভিহিত করেছে। বন্যার কারণে শহরের জনজীবন পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে। ২০০৯ সালের পর এমন দুর্যোগ আর দেখেনি দেশটির অধিবাসীরা। টাইফুন থেকে সৃষ্ট বন্যায় ওই সময় দেশটিতে চার শতাধিক ব্যক্তি প্রাণ হারায়।