ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিপাইনে আজ শুক্রবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৯। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) ও প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতাকেন্দ্র (প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার) ফিলিপাইন, ইন্দোনেশিয়া, পাপুয়া, নিউগিনি, যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্য ও প্রশান্ত মহাসাগরীয় বেশ কয়েকটি দ্বীপে সুনামির সতর্কতা জারি করেছে। খবর রয়টার্সের।ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উত্পত্তিস্থল ফিলিপাইনের সামার প্রদেশের জিওয়ান শহর থেকে ৯১ মাইল পূর্ব উপকূলে। সামার প্রদেশের সরকারি কর্মকর্তা বেন এভারডন জানান, ভূমিকম্পটি যথেষ্ট শক্তিশালী ছিল। এটি দীর্ঘস্থায়ী ছিল বলেও জানান তিনি। ফিলিপাইনের ভলকানোলজি ইনস্টিটিউটের কর্মকর্তা জানান, ভূমিকম্পে সামার প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। সুনামির সতর্কতা সম্পর্কে জানতে চাইলে ইউএসজিএসের কর্মকর্তা পল কারুসু স্কাই টিভিকে টেলিফোনে জানান, যদি কেউ সমুদ্রের তীরে থাকেন, তাহলে উঁচু জায়গায় উঠে আসুন।