ফিলিপাইনে সরকার ও বিদ্রোহী মরোর মধ্যে সমঝোতা
ফিলিপাইনে সরকার ও প্রধান বিদ্রোহী মুসলিম সংগঠন মরো ইসলামিক লিবারেশন ফ্রন্টের (এমআইএলএফ) মধ্যে একটি প্রাথমিক শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়েছে। দেশটির সমস্যাপীড়িত দক্ষিণাঞ্চলে ২০১৬ সালের মধ্যে সংঘাত বন্ধের কথা বলা হয়েছে এই চুক্তিতে।আজ সোমবার ফিলিপাইনের প্রেসিডেন্ট বাসভবনে কাঠামোগত এ চুক্তি স্বাক্ষরিত হয়। দ্বিপক্ষীয় চুক্তির অনুষ্ঠানটি টেলিভিশনে সম্প্রচার করা হয়। এ সময় সরকারের পক্ষে ফিলিপাইনের প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকুইনো ও বিদ্রোহীদের পক্ষে এমআইএলএফের প্রধান মুরাদ ইব্রাহিম উপস্থিত ছিলেন। শান্তিচুক্তির অন্যতম মধ্যস্থতাকারী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকও সেখানে উপস্থিত ছিলেন। চুক্তিতে বলা হয়েছে, ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও এলাকায় ২০১৬ সালের মধ্যে নতুন স্বায়ত্তশাসিত অঞ্চল প্রতিষ্ঠা করা হবে। এই অঞ্চলের নাম হবে ‘বাংসামারো’ বা ‘মুসলিম নেশন’।১৫ বছর ধরে ফিলিপাইনের বিভিন্ন শাসক ও এমআইএলএফের মধ্যে দর-কষাকষির পর কাঠামোগত ওই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। একে স্বাগত জানিয়েছে জাতিসংঘ, যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। বহু প্রতীক্ষিত এ চুক্তি স্বাক্ষরিত হলেও এর বাস্তবায়ন সহজ হবে না বলে আশঙ্কা করেছেন বিদ্রোহী এমআইএলএফ, পর্যবেক্ষক ও কয়েকটি দেশের সরকারি কর্মকর্তারা। তাঁদের মতে, চুক্তি সই হলেও শান্তির নিশ্চয়তা দেওয়া যায় না। আল জাজিরা।