ফিলিপাইনে সামুদ্রিক ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ৫০০
ফিলিপাইনে সামুদ্রিক ঝড় ওয়াশির আঘাতে এখন পর্যন্ত প্রায় ৫০০ লোকের মৃত্যু হয়েছে বলে দেশটির সরকারি কর্মকর্তারা নিশ্চিত করেছেন। দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স আজ রোববার এ খবর জানিয়েছে।ঝড়ের প্রভাবে সৃষ্ট প্রবল বন্যার পানির তোড়ে অনেকেই ভেসে গেছে। এখনো প্রায় শতাধিক ব্যক্তি নিখোঁজ রয়েছেন বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধারকর্মীরা অভিযান অব্যাহত রেখেছেন। ফিলিপাইনের ন্যাশনাল রেডক্রস জানিয়েছে, দক্ষিণ মিন্দানাও এলাকার আটটি প্রদেশ থেকে ৪৯৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে তাদের কাছে হিসাব রয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ মিন্দানাওয়ের কাগায়ান দ্য ওরো ও ইলিগান সিটি এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। এদিকে ফিলিপাইনের সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল লিওপলদো গ্যালন জানিয়েছেন, ১০ হাজার সেনার একটি দল কাগায়ান দ্য ওরো এলাকায় উদ্ধার-তত্পরতা চালিয়ে যাচ্ছে। উদ্ধারকাজে ট্রাক, নৌকা ও হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। ইতিমধ্যে প্রায় দুই হাজার লোককে উদ্ধার করা হয়েছে।উপকূলীয় শহর ইলিগান সিটির মেয়র লরেন্স ক্রুজ জানিয়েছেন, বন্যার পানিতে শহরের পার্শ্ববর্তী ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। কোস্টগার্ডসহ উদ্ধারকর্মীরা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।