ফিলিপাইনের নির্বাচনে এগিয়ে আছেন নয়নয় অ্যাকুইনো
ফিলিপাইনের প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে আছেন প্রয়াত প্রেসিডেন্ট কোরাজন অ্যাকুইনোর ছেলে লিবারেল পার্টির সিনেটর বেনিগনো নয়নয় অ্যাকুইনো। নির্বাচন কমিশন জানায়, প্রদত্ত মোট ভোটের ৫৭ শতাংশের গণনায় দেখা যায়, শতকরা ৪০.৬ ভাগ ভোট পেয়ে নয়নয় অ্যাকুইনো দ্বিতীয় অবস্থানে থাকা সাবেক প্রেসিডেন্ট জোসেফ এস্ত্রাদা থেকে এগিয়ে আছেন। এস্ত্রাদা পেয়েছেন শতকরা ২৫.৭ ভাগ ভোট। এদিকে নির্বাচনের সময় বোমা, গ্রেনেড হামলা ও গুলিবর্ষণের ঘটনায় অন্তত নয় জন নিহত এবং ১২ জন আহত হয়েছে বলে জানিয়েছে সামরিক বাহিনী। নির্বাচনে প্রত্যন্ত অঞ্চলে কম ভোট পড়া ও ভোট কেনার অভিযোগ পাওয়া গেছে। অনেকেই দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও ভোট দিতে পারেননি। শতকরা ৮৫ ভাগ ভোটারের অংশগ্রহণের আশা করা হলেও নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী ভোট পড়েছে ৭৫ ভাগ। নতুন ব্যালট বাক্সের যান্ত্রিক ত্রুটির কারণে অনেক ভোটারকে ভোট দেওয়ার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে। এমনকি অ্যাকুইনো নিজেও চার ঘণ্টা অপেক্ষা করার পর ভোট দিতে পারেন। অ্যাকুইনো বলেন, আগে থেকে ব্যালট বাক্স পরীক্ষা না করায় অনেক সমস্যা হয়েছে, অনেকেই ভোট দেননি বলে জানা গেছে। বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন ছিল। পরে নির্বাচন কমিশন ভোট গ্রহণের সময় প্রায় এক ঘণ্টা বাড়িয়ে দেয়। ভোটার তালিকা নিয়েও সমস্যা ছিল। এত কিছুর পরও প্রত্যাশার চেয়ে ভালোভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে বলে নির্বাচন কমিশনের ধারণা। উল্লেখ্য, নির্বাচন নিয়ে সম্প্রতি পরিচালিত জরিপে দেখা যায়, নয়নয় বেনিগনো তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এস্ত্রাদার চেয়ে অন্তত ২০ শতাংশ বেশি ভোট পাবেন; আর জরিপের ফলাফলের সঙ্গে অনেকটাই মিলে যাচ্ছে নির্বাচনের ফলাফল। ফিলিপাইনে রাজনীতিতে পারিবারিক বন্ধন সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এদিক থেকে এগিয়ে আছেন বেনিগনো নয়নয় অ্যাকুইনো, যাঁর বাবা কোরাজন অ্যাকুইনো ফার্ডিনান্ড মার্কসের শাসনামলে বিরোধী দলে ছিলেন। কোরাজন অ্যাকুইনো আততায়ীর হাতে নিহত হন। — রয়টার্স