ফিলিপাইনের শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ
ফিলিপাইনের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে মুসলিম ছাত্রীদের হিজাব পরা নিষিদ্ধ করা হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দরনগর জাম্বোয়াংগায় ক্যাথলিক খ্রিষ্টান নিয়ন্ত্রিত পিলার কলেজ কর্তৃপক্ষ সম্প্রতি এ সিদ্ধান্ত নেয়।স্থানীয় নগর কর্তৃপক্ষের কাছে এ ব্যাপারে অভিযোগ জানানো হয়েছে। জবাবে পিলার কলেজ কর্তৃপক্ষ জানায়, তারা ক্যাথলিক শিক্ষা থেকে ‘বিচ্যুত’ হবে না। তাঁদের প্রতিষ্ঠানে অন্য ধর্মের শিক্ষার্থীদের পড়াশোনায় বাধা নেই। তবে কেউ হিজাব ব্যবহার করতে পারবে না। এ ব্যাপারে প্রয়োজনীয় নিয়মকানুন শিক্ষার্থীদের বুঝিয়ে দেওয়া হয়েছে।ফিলিপাইনে মুসলিমদের সংগঠন ন্যাশনাল কমিশন অন মুসলিম ফিলিপিনসের প্রধান মেহল সাদাইন আজ রোববার বলেন, তিনি পিলার কলেজ কর্তৃপক্ষকে ওই সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে লিখেছেন। শিক্ষাকার্যক্রম পরিচালনায় প্রতিষ্ঠানটির স্বাধীনতা থাকলেও কর্তৃপক্ষকে ‘ন্যায়নিষ্ঠ ও নিরপেক্ষ’ হওয়া উচিত। দেশে বিদ্যমান আইন ও নীতিমালার পরিপন্থী কোনো সিদ্ধান্ত তাদের নেওয়া উচিত নয়। ফিলিপাইনের শিক্ষা বিভাগের আইন অনুযায়ী মুসলিম মেয়েদের হিজাব পরার অনুমতি রয়েছে। ফিলিপাইনের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে এই প্রথম হিজাব নিষিদ্ধ করা হলো। পিলার কলেজের শিক্ষার্থীদের মধ্যে মুসলিমদের সংখ্যার অনুপাত জানা যায়নি। ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে মুসলিমরা সংখ্যালঘু। এএফপি।