ফিলিস্তিন নিয়ে রমনির ‘অশান্তি’র বার্তা
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী মিট রমনি বলেছেন, ফিলিস্তিনিরা শান্তি চায় না। ইসরায়েলের সঙ্গে শান্তি আলোচনার ব্যাপারে তাদের কোনো আগ্রহ নেই। এ অবস্থায় ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করা অসম্ভব একটি ব্যাপার।গত মে মাসের ১৭ তারিখে ফ্লোরিডায় তহবিল সংগ্রহ করতে গিয়ে ফিলিস্তিন সম্পর্কে এক প্রশ্নের জবাবে রমনি এসব কথা বলেন। ওই দিন তিনি ৫০ হাজার ডলার তহবিল সংগ্রহ করেন। আল জাজিরার খবরে এ কথা বলা হয়েছে।আজ মঙ্গলবার নতুন একটি ভিডিও ফাঁস হয়। এতে দেখা যায়, মধ্যপ্রাচ্যর শান্তি আলোচনা সম্পর্কে এমন মনোভাব পোষণ করেন মিট রমনি। ফাঁস হওয়া ভিডিওতে রমনির এমন আরও কয়েকটি বিরূপ মন্তব্যে রয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র দুই মাস আগে এ ভিডিও প্রকাশ পেল।মিট রমনি বলেন, ‘রাজনৈতিক কারণে ফিলিস্তিনিরা মধ্যপ্রাচ্যে শাস্তি আসুক, তা চায় না। তারা ইসরায়েলের ধ্বংস ও বিনাশ ঘটাতেই বদ্ধপরিকর। আর এ জন্যই এই ব্যাপারে আমি বলি, এ সমস্যার কোনো সমাধান নেই।’মিট রমনি আরও বলেন, ‘মধ্যপ্রাচ্যের সমস্যাটি সমাধানের বাইরে রয়েছে। আর এ জন্যই আমরা বল তাদের কোর্টে দিয়ে দিয়েছি।’‘মাদার জোনস’ নামে একটি সাময়িকী তাদের ওয়েবসাইটে ভিডিওটি ফাঁস করে। এর আগে গতকাল সোমবার ‘মাদার জোনস’-এর প্রকাশ করা আর একটি ভিডিও ক্লিপে রমনিকে প্রতিদ্বন্দ্ব্বী প্রেসিডেন্ট পদপ্রার্থী বারাক ওবামার ভোটারদের নিয়ে বিরূপ মন্তব্য করতে দেখা যায়।