ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রচেষ্টার প্রশংসায় বিশ্বব্যাংক
ফিলিস্তিনিদের একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রচেষ্টার প্রশংসা করেছে বিশ্বব্যাংক। আজ বৃহস্পতিবার বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ পেয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।বিশ্ব ব্যাংক বলেছে, ইসরায়েলের কঠোর অবরোধ সত্ত্বেও ফিলিস্তিনি কর্তৃপক্ষ তাদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। একটি সার্বভৌম সরকার প্রতিষ্ঠার জন্য যেসব প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী করা ও সংস্কার কার্যক্রম দরকার, তা ফিলিস্তিনি কর্তৃপক্ষ অর্জন করছে বলে বিশ্বব্যাংক তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে।বিশ্বব্যাংক তাদের ২০১০ সালের একটি জরিপের উদ্ধৃতি পুনরুল্লেখ করে বলেছে, ভবিষ্যতে যেকোনো দিক দিয়ে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে ফিলিস্তিন ভালো অবস্থানে রয়েছে।ফিলিস্তিনি প্রধানমন্ত্রী সালাম ফায়াদ ২০১১ সালের মধ্য নাগাদ রাষ্ট্রের কাঠামো প্রতিষ্ঠার ব্যাপারে যে রোডম্যাপ ঘোষণা করেছিলেন, তা-ও অর্জিত হবে বলে বিশ্বব্যাংক মন্তব্য করেছে।