ফিলিস্তিনকে ঠেকাতে তত্পর পশ্চিমারা
জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির আবেদন ঠেকাতে সক্রিয় হয়ে উঠেছেন পশ্চিমা কূটনীতিকেরা। জ্যেষ্ঠ মার্কিন ও পশ্চিমা রাষ্ট্রদূতেরা ইসরায়েল ও ফিলিস্তিনির মধ্যে শান্তি আলোচনা শুরুর জন্য নতুন করে কূটনৈতিক তত্পরতা শুরু করেছেন। জাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাওয়া আবেদনকে সামনে রেখে তাঁরা প্রচার চালাচ্ছেন বলে বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে।মার্কিন কূটনীতিক ডেনিস রস ও ডেভিড হেলি এবং ইউরোপীয় পররাষ্ট্রনীতি-বিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাস্টন, ও মধ্যপ্রাচ্য দূত টনি ব্লেয়ার ইসরায়েল ও ফিলিস্তিনির মধ্যে শান্তি আলোচনা শুরু করার বিষয়ে সক্রিয় ভূমিকা পালন করছেন। ফিলিস্তিন জাতিসংঘের আসন্ন অধিবেশনে সদস্যপদ প্রাপ্তির জন্য আবেদন করার প্রস্তুতি নিচ্ছে বলে ঘোষণা দেওয়ার পরই পশ্চিমাদের এ তত্পরতা শুরু হয়।এদিকে ইসরায়েল সতর্ক করে দিয়ে বলেছে, এ পদক্ষেপের পরিণতি ভালো হবে না।রস ও হেলি গতকাল বুধবার ইসরায়েল সফরে গেছেন। তাঁরা দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাকের সঙ্গে শান্তি আলোচনা নিয়ে কথা বলেছেন। আজ বৃহস্পতিবার এই কূটনীতিকদের পশ্চিম তীরে যাওয়ার কথা রয়েছে। সেখানে তাঁরা ফিলিস্তিন নেতা মাহমুদ আব্বাসের সঙ্গে আলোচনা করবেন।যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ঘোষণা দিয়েছে, তারা ফিলিস্তিনির এ পদক্ষেপে ভেটো দেবে। ফিলিস্তিন বলেছে, তাদের এ পদক্ষেপ সময়ের দাবি।