ফিলিস্তিনকে পূর্ণ সদস্য করে নিল ইউনেসকো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আপত্তি অগ্রাহ্য করে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকো ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দিয়েছে। এর মাধ্যমে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা পাওয়ার পথে ফিলিস্তিন আরও এক ধাপ এগিয়ে গেল।গতকাল সোমবার ফ্রান্সের প্যারিসে ইউনেসকোর সদর দপ্তরে অনুষ্ঠিত ভোটাভুটিতে ফিলিস্তিনের পক্ষে ১০৭টি দেশ ভোট দেয়, বিপক্ষে ভোট পড়ে ১৪টি। ৫২টি দেশ ভোটদানে বিরত থাকে। এর মাধ্যমে জাতিসংঘের প্রথম কোনো সংস্থার পূর্ণ সদস্য হলো ফিলিস্তিন।পরে গৃহীত প্রস্তাবনায় বলা হয়, ইউনেসকোর সাধারণ পরিষদ ফিলিস্তিনকে পূর্ণ সদস্য হিসেবে গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। সংস্থার এক বিবৃতিতে বলা হয়, আজকের এই ভোটাভুটির মাধ্যমে ইউনেসকোর সদস্যসংখ্যা দাঁড়াল ১৯৫।ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালকি সাধারণ পরিষদে বলেন, ‘প্রস্তাবের পক্ষে ভোট দেওয়া হলে ফিলিস্তিনের মানুষের ওপর যে অবিচার করা হয়েছে, তার সামান্য লাঘব হবে।’তবে ফিলিস্তিনকে সদস্য করার বিরোধিতা করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ভোটাভুটির আগে যুক্তরাষ্ট্র হুমকি দিয়েছিল, ফিলিস্তিনকে সদস্য করা হলে তারা ইউনেসকোকে অর্থ দেওয়া বন্ধ করে দেবে।ইসরায়েল, যুক্তরাষ্ট্র ছাড়াও ফিলিস্তিনের বিপক্ষে কানাডা, অস্ট্রেলিয়া ও জার্মানি ভোট দেয়। জাপান ও ব্রিটেন ভোট দেওয়া থেকে বিরত ছিল।স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে পূর্ণ সদস্যপদ পেতে গত ২৩ সেপ্টেম্বর জাতিসংঘে আবেদন করে ফিলিস্তিন। এ বিষয়ে নিরাপত্তা পরিষদে এ মাসেই ভোটাভুটি হবে। তবে যুক্তরাষ্ট্র জানিয়ে রেখেছে, তারা ওই প্রস্তাবে ভেটো দেবে।গতকাল ভোটাভুটির আগে যুক্তরাষ্ট্রের শিক্ষাবিষয়ক আন্ডার সেক্রেটারি মার্থা কানটার বলেন, ‘আমরা মনে করি, এতে হিতে বিপরীত হবে। ফিলিস্তিনিদের জন্য একমাত্র পথ আলোচনার মাধ্যমে অগ্রসর হওয়া।’ এএফপি ও বিবিসি অনলাইন।